বগুড়ার বিদ্যালয়গুলোতে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার শহরের সাতমাথায় এসব কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথায় প্রথমে মানববন্ধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মী ও শিক্ষার্থীরা। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বগুড়া জেলা শাখার সভাপতি কিবরিয়া হোসেন। বক্তব্য দেন সংগঠনটির জেলা কমিটির সহসভাপতি দিলরুবা নুরী, সাধারণ সম্পাদক শ্যামল বর্মণ, সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি রাধা রানী বর্মণ, ছাত্রনেতা মাসুকুর রহমান, আপেল মাহমুদ, আল আমীন প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বগুড়াসহ দেশের অধিকাংশ বিদ্যালয়ে এসএসসির ফরম পূরণের সময় কোচিং করানোর নামে বোর্ডের নির্ধারিত ফির তিন থেকে চার গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। এ বিদ্যালয়গুলো শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। টাকার অঙ্ক বেশি হওয়ায় অনেক গরিব অভিভাবক সন্তানদের ফরম পূরণের টাকা জোগাড় করতে পারছেন না। টাকার অভাবে এসএসসি পরীক্ষার আগেই ঝরে যাচ্ছে অনেক শিক্ষার্থী।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের অনেক শিক্ষার্থী যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও নানা কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খারাপ করেন।