অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে তালা মেরে শিক্ষকদের অবরুদ্ধ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাসিমপুর উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষার ফরম পূরণে সাত হাজার টাকা ধার্য করেছে। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা গতকাল মঙ্গলবার সকালে শিক্ষকদের কক্ষে তালা মেরে দেন। এতে দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষকেরা। শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা জানান, মাসিমপুর উচ্চবিদ্যালয়ে এবার এসএসসির ফরম পূরণের জন্য কোচিং ফি, বোর্ড ফি ও জামানতের নামে সাত হাজার টাকা ধার্য করে। এতে অনেক গরিব শিক্ষার্থীর ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়ে। তারা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের কাছে এসে টাকা কমানোর অনুরোধ করে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ নিয়ে এলাকার লোকজনের সঙ্গে শিক্ষকদের বাদানুবাদ হয়। পরে ক্ষুব্ধ লোকজন শিক্ষকদের কক্ষে তালা মেরে দেন। দুই ঘণ্টা পর সমঝোতার আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়। ইউপি সদস্য শামছুল আলম বলেন, ‘আমার আত্মীয়ের ফরম পূরণের জন্য বিদ্যালয়ে যাই। প্রধান শিক্ষক এ জন্য সাত হাজার টাকা দাবি করেন। অনেক অনুরোধের পরও টাকা কমানো হয়নি। পরে আমি ফরম পূরণের টাকা না দিয়ে চলে আসি।’ স্থানীয় ইকবাল হোসেন পাটওয়ারী জানান, ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে এসে তালা মেরে দেয়। ফরম পূরণের নামে শিক্ষার্থীদের জিমিঞ্চ করে ব্যবসা করা হচ্ছে। জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে এ ফি নির্ধারণ করা হয়েছে। যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদের তিন হাজার টাকা জামানত দিয়ে ফরম পূরণের জন্য বলা হয়েছে। রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, অতিরিক্ত ফি ধার্যের কারণে বিদ্যালয়ে তালা মারার বিষয়টি শুনেছি। এ ব্যাপারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।