অতিরিক্ত ফি দিতে না পারায় শাস্তি!
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শব্দলদীঘি আদর্শ উচ্চবিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য ধার্য করা অতিরিক্ত ফি দিতে না পারায় অনেক গরিব ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিতে পারেনি। আর যারা বাকিতে পরীক্ষা দিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা টাকা পরিশোধ না করায় তাদেরকে পরীক্ষা চলার সময় শ্রেণীকক্ষ থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে ওই বিদ্যালয়ের অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে গত বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য ১৬০ থেকে ১৮০ টাকা পর্যন্ত পরীক্ষার ফি হিসেবে নেওয়ার কথা। সেখানে শব্দলদীঘি আদর্শ উচ্চবিদ্যালয়ে ২৫০ টাকা পরীক্ষার ফি করা হয়েছে। ওই বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, বাড়তি ফি ধরার ঘটনাটি সত্য। কয়েকজন ছাত্রছাত্রী এ কারণে পরীক্ষাও দিচ্ছে না।অভিযোগের ব্যাপারে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, অভিযোগ ভিত্তিহীন। পরীক্ষার ফি পরিশোধ না করায় ছাত্রছাত্রীদের পরীক্ষা চলার সময় খাতা দিতে একটু দেরি করা হয়েছিল। কিন্তু তৃতীয়পক্ষের ইন্ধনে তারা বিদ্যালয় ছেড়ে যায়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হয়েছে। তদন্তে অভিভাবকদের অভিযোগ সম্পূর্ণ প্রমাণিত হয়েছে। ওই প্রধান শিক্ষক যা করেছেন, তা মোটেই উচিত হয়নি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লেখা হবে।