অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের অষ্টম সেমিস্টারের অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। গত বুধ ও বৃহস্পতিবার তাঁরা এই কর্মসূচি পালন করেন। গত বৃহস্পতিবারের কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিপেটায় ১৫ শিক্ষার্থী আহত হন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য হোস্টেল বন্ধ করে দিয়েছে। একই কারণে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
কলেজ সূত্র জানায়, কলেজে ৩০০ শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষক আছেন। রয়েছে একটি ছাত্র ও ছাত্রী হোস্টেল। এখানে অ্যাকুয়াকালচার, মৎস্য জীববিজ্ঞান ও জেনেটিকস, মৎস্য ব্যবস্থাপনা, মৎস্যপ্রযুক্তি এবং মৌলিক বিজ্ঞান বিভাগ রয়েছে। এসব বিভাগের অষ্টম সেমিস্টারের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পরবর্তী প্রত্যেক সেমিস্টারে অতিরিক্ত ফি পর্যায়ক্রমে ৮ হাজার থেকে ১৫ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়। অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। একই সঙ্গে তাঁরা অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, গত বুধবার থেকে আন্দোলন শুরু করেন তাঁরা। দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষ বসবে বলে আশ্বাস দেন কলেজের উপাধ্যক্ষ রফিকুল বারি। তাঁর প্রতিশ্রুতিতেই বুধবারের আন্দোলন স্থগিত রাখেন শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কর্তৃপক্ষ না বসায় আবার বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। আন্দোলন বন্ধ করতে মেলান্দহ থানা ও জামালপুর থেকে এনে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে মোতায়েন করা হয়। বেলা সাড়ে তিনটার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিতে হঠাৎ পুলিশ বেধড়ক লাঠিপেটা শুরু করে। এ সময় সুমন, মেহেদী, ধ্রুব, আফরিনা, মিতু, ঈশিতা, আয়েশা সিদ্দিকা, ফারহানা মিমি, সোহেল, বাঁধন, ফারজানাসহ ১৫ শিক্ষার্থী আহত হন।
উপাধ্যক্ষ রফিকুল বারি বলেন, প্রত্যেক বিষয়ে ৮ সেমিস্টার রয়েছে। অনেক শিক্ষার্থী অষ্টম সেমিস্টারে গিয়ে অকৃতকার্য হন। শুধু তাঁদের ক্ষেত্রে পরবর্তী সময়ে অতিরিক্ত সেমিস্টার ফি ধার্য করা হয়। এসব শিক্ষার্থীর সংখ্যা অল্প। কিন্তু কিছু শিক্ষার্থী ভুল তথ্য দিয়ে সব শিক্ষার্থীকে আন্দোলনে উৎসাহ দেন। যার ফলে ফি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তবে ফি প্রত্যাহারের ক্ষমতা অধ্যক্ষের নেই। ব্যবস্থাপনা কমিটির সর্বসম্মতিতে ওই ফি প্রত্যাহার হতে পারে।
অধ্যক্ষ শহিদুর রহমান খান বলেন, ‘অতিরিক্ত ফি প্রত্যাহারের ক্ষমতা আমার নাই। এটা কলেজের ব্যবস্থাপনা কমিটির ধার্যকৃত ফি ছিল। তাদের সর্বসম্মতিক্রমেই আবার প্রত্যাহার হতে পারে। তারপরও আমি অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি স্থগিত করেছিলাম। তা না মেনে হোস্টেল ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করতে গেলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের হোস্টেল খুলে দেওয়া হবে।’
মেলান্দহ থানার ওসি নাছিমূল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ না করে হোস্টেল ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করতে গেলে তাঁদের ছত্রভঙ্গ করতেই পুলিশ লাঠিপেটা করে।