অতিরিক্ত ফি ফেরত না পাওয়ায় ভৈরবে বিক্ষোভ
উচ্চ আদালতের বেঁধে দেওয়া সময় শেষ হয়ে গেলেও ফরম পূরণের অতিরিক্ত টাকা ফেরত না দেওয়ায় কিশোরগঞ্জের ভৈরবের এসএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ‘দুর্জয় ভৈরব’ চত্বরে বিক্ষোভ শেষে তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে।
পরে একই দাবিতে গণস্বাক্ষর করে ইউএনও জেসমিন আক্তারের কাছে লিখিত অভিযোগ করা হয়।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানায়, নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে কৃতকার্যদের কাছ থেকে ফরম পূরণে ৩ হাজার ১০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এক বা একাধিক বিষয়ে অকৃতকার্যদের কাছ থেকে আরও বেশি আদায় করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী ২০ জানুয়ারির মধ্যে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি।
তবে পৌর শহরের মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়, কালীপুর উচ্চবিদ্যালয় ও জামালপুর টেকনিক্যাল স্কুলের পরীক্ষার্থীরা টাকা পেয়েছে বলে জানায়। কালীপুর উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী শাহিন মিয়া ও মেহেদি হাসান জানায়, গত বুধবার তারা টাকা বুঝে পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।