অতিরিক্ত ফি ফেরতের দাবিতে মানববন্ধন অভিভাবকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তির সময় নেওয়া বাড়তি ফি সমন্বয় অথবা ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অভিভাবকেরা। গতকাল শনিবার সকালে এ কর্মসূচি পালন করেন তাঁরা। তাঁদের বিক্ষোভের মুখে নগরের চান্দগাঁও আবাসিক এলাকার এই শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল সকালের পালায় ক্লাস হয়নি।
সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সদস্য শাহাদাত হোসেন অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা করে আদায় করেছে। অথচ ভর্তি নীতিমালা অনুযায়ী, এ ফি সর্বোচ্চ তিন হাজার টাকা। জেলা প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ ২৩ ফেব্রুয়ারির মধ্যে সমন্বয় অথবা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ এ নির্দেশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তাই অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শাহাদাত হোসেন বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে অতিরিক্ত ফি হয় ফেরত দিতে হবে, না হয় সমন্বয় করতে হবে। এটি করা না হলে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।
সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসনের পাঁচটি তদারকি দল নগরের ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে। এর মধ্যে ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নীতিমালা না মেনে বাড়তি ফি আদায়ের অভিযোগ পায় তদারকি দল। এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ১০০ টাকা থেকে শুরু করে ৬৩ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে ৮ ফেব্রুয়ারি বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাড়তি ফি ১০ কার্যদিবসের মধ্যে (২৩ ফেব্রুয়ারি) ফেরত দিতে হবে অথবা সমন্বয় (পরবর্তী সময়ে মাসিক বেতন, পরীক্ষার ফি) করতে হবে। মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, ঢাকা ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ভর্তি ফি তিন হাজার টাকার বেশি হবে না।
জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী, বাড়তি ফি নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ শিক্ষাপ্রতিষ্ঠান নতুন ভর্তির ক্ষেত্রে ৫ হাজার ৯০০ টাকা এবং পুনরায় ভর্তিতে ৪ হাজার ৯০০ টাকা আদায় করে। এর মধ্যে উন্নয়ন ফি নেওয়া হয় দেড় হাজার টাকা থেকে দুই হাজার টাকা।
জানতে চাইলে সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া উন্নয়ন ফি সমন্বয় করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু তার আগেই অভিভাবকেরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন।
শিক্ষাপ্রতিষ্ঠান সূত্র জানায়, এ শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী রয়েছে। সকালের পালায় (সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) নার্সারি থেকে তৃতীয় শ্রেণি এবং দুপুরের পালায় (বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হয়।