অতিরিক্ত বরাদ্দের ছয় কোটি টাকা নিয়ে নয়ছয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুরোনো অনেক প্রকল্পের নামে প্রায় সোয়া ছয় কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি ক্রয় নীতিমালা (পিপিআর) লঙ্ঘন করে কোনো কোনো প্রকল্পে দুই থেকে পাঁচগুণ অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি প্রকল্পের অতিরিক্ত বরাদ্দ দিয়ে নতুন ছয়টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেগুলোর কয়েকটির কোনো অস্তিত্ব নেই। দু-একটি করা হচ্ছে নামে মাত্র। এক সাংসদের রাবার বাগানে পুকুরও খনন করা হচ্ছে এ টাকায়। পিপিআর অনুযায়ী, দরপত্রে উল্লিখিত প্রাক্কলিত ব্যয়ের ১৫ শতাংশ অতিরিক্ত বরাদ্দ দেওয়া যায়। এর বেশি দিতে হলে নতুন করে উন্মুক্ত দরপত্র আহ্বান করতে হয়। নাম প্রকাশ না করার শর্তে বান্দরবানের একজন প্রকৌশলী বলেন, মূলত দুর্নীতির আশ্রয় নেওয়ার জন্যই পিপিআর লঙ্ঘন করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে।জেলা পরিষদের সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরের ২৩টি প্রকল্পের কাজ অসমাপ্ত দেখানো হয়েছে। এ প্রকল্পগুলোতে অতিরিক্ত বরাদ্দের পরিমাণ ছয় কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা।জেলা পরিষদ চত্বরের দক্ষিণ পাশের ঝিরিতে (ছড়া) ওই অর্থবছরে ২৫ লাখ টাকায় একটি বাঁধ নির্মাণ করা হয়। একই ঝিরিতে আরেকটি বাঁধ নির্মাণের জন্য এক কোটি ২৫ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। পরে কারিগরি ও অর্থনৈতিক দিক দিয়ে এ প্রকল্প উপযুক্ত নয় বলে প্রতিবেদন দেন পরামর্শক। এ পরিপ্রেক্ষিতে ওই ঝিরিতে দ্বিতীয় বাঁধ নির্মাণের প্রকল্প বাতিল করে নতুন ছয়টি প্রকল্প হাতে নেওয়া হয়। ঠিকাদাররা বলেন, অনেকটা কৌশল করে অতিরিক্ত বরাদ্দে নতুন প্রকল্প নেওয়া হয়েছে এবং এ ধরনের প্রকল্প ‘চোরাই প্রকল্প’ জেলা পরিষদের গত ২ ফেব্রুয়ারির সভার কার্যবিবরণী অনুযায়ী, পরিষদের দক্ষিণ পাশের ঝিরিতে বাঁধ নির্মাণের অতিরিক্ত বরাদ্দে নেওয়া নতুন ছয়টি প্রকল্প হলো, ১২ লাখ টাকায় জেলা পরিষদের পাশে তালুকদারপাড়া যাওয়ার রাস্তার ঝিরিতে বাঁধ নির্মাণ, ৩৫ লাখ টাকায় পরিষদের পুরোনো বিশ্রামাগার ও মেঘলা পুলিশ ক্যাম্পের মাঝখানের ঝিরিতে বাঁধ নির্মাণ, ১০ লাখ টাকায় পরিষদের পূর্ব পাশে লালমোহন বাহাদুরের (সাংসদ বীর বাহাদুরের বাবা) বাগানের পাশের ঝিরিতে বাঁধ নির্মাণ, ১০ লাখ টাকায় পরিষদের পশ্চিম পাশের পুরোনো বাঁধটি মেরামত, ৫০ লাখ টাকা ব্যয়ে পরিষদের পেট্রল পাম্প নির্মাণ ও আট লাখ টাকায় মেঘলা পর্যটনসংলগ্ন এলাকায় গাড়ি রাখার উপযোগী জায়গা (পার্কিং) করা।এ ছাড়া জেলা পরিষদের হ্রদের পাড়ে ঘর নির্মাণের ১৫ লাখ টাকার কাজে ৩১ লাখ ৮৬ হাজার টাকা, দেওয়ানজি পুকুর পাড়ে আবাহনী ক্রীড়াচক্রে শৌচাগার ও ইয়াংস্টার ক্লাব নির্মাণে সাড়ে সাত লাখ টাকার কাজে সাড়ে ১৭ লাখ টাকা এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নির্মাণের সাড়ে সাত লাখ টাকার কাজে ২২ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পরিষদের পশ্চিম পাশের বাঁধের ওপর কিছু মাটি ফেলা হয়েছে। পুরোনো বিশ্রামাগার ও মেঘলা পুলিশ ক্যাম্পের মাঝখানে ঝিরিতে বাঁধ নির্মাণের কথা বলা হলেও সেখানে কোনো ঝিরি নেই, আছে খাদ। মেঘলা পর্যটন এলাকাসংলগ্ন বান্দরবান-চট্টগ্রাম সড়ক ঘেঁষে মাটি ফেলা হচ্ছে পেট্রল পাম্প গড়ার জন্য। এর পূর্ব পাশে টিলার ঢালুতে কয়েকটি আরসিসি খুঁটি করা হচ্ছে পার্কিং করার জন্য। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুরের বাবা মোহন বাহাদুরের বাগানের পাশের ঝিরিতে বাঁধ নির্মাণের কথা বলা হলেও সেখানে কোনো ঝিরি নেই। এ প্রকল্পের ১০ লাখ টাকা দিয়ে ওই বাগানে পুকুর খনন করা হচ্ছে। বাগানের কাঁটাতারের বেড়ার ভেতর যে পুকুরটি আছে, সেটির পানি সেঁচে সংস্কার করা হচ্ছে।ওই পুকুর সংস্কার ও খননসহ (প্রকল্পে বাঁধ নির্মাণ) অতিরিক্ত বরাদ্দের দেড় কোটি টাকার সাতটি কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রীন ভ্যালি। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মংথোয়াই রাখাইন। যোগাযোগ করা হলে মংথোয়াই রাখাইন স্বীকার করেন, তাঁরা কয়েকজন মিলে দেড় কোটি টাকার সাতটি কাজ করছেন। তবে এ বিষয়ে তিনি আর কিছু বলতে রাজি হননি।দেওয়ানজি পুকুর পাড়ে আবাহনী ক্রীড়াচক্রের শৌচাগার ও সিঁড়ি এবং ইয়াংস্টার ক্লাব নির্মাণ কাজের ঠিকাদার আবদুল মান্নান (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমানের জামাতা) এবং নাইক্ষ্যংছড়ি হাজি এমএ কালাম কলেজের ছাত্রাবাস ও বিজ্ঞান ভবনের নির্মাণ কাজের ঠিকাদার জিয়াবুল হক। অতিরিক্ত বরাদ্দের কাজের ব্যাপারে তাঁরাও কিছু বলতে রাজি হননি।যোগাযোগ করা হলে জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন দরপত্র আহ্বান ছাড়াই অতিরিক্ত বরাদ্দের টাকায় নতুন কাজ করানোর কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘পিপিআর লঙ্ঘিত হয়েছে কি না আমি জানি না।’জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, এগুলো অতিরিক্ত বরাদ্দ নয়। ধাপে ধাপে অর্থ নিয়ে মূল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের নাম ও অতিরিক্ত বরাদ্দের টাকার পরিমাণ উল্লেখ করে জানতে চাইলে ক্যশৈহ্লা মারমা জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা নাসিরুল আলমের মুঠোফোনে গত রোববার সন্ধ্যায় একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।সরকারি অর্থে কেন ব্যক্তিগত বাগানে পুকুর খনন করা হচ্ছে, তা জানতে গতকাল মঙ্গলবার সাংসদ বীর বাহাদুরের তিনটি মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।