অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করে দিলেও বরগুনার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।এর মধ্যে দূরপাল্লার বাসগুলোতে প্রায় দ্বিগুণ হারে ভাড়া আদায় করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা থেকে বেতাগী ৩৪ কিলোমিটার রাস্তায় সরকারের পুুনর্নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া (প্রতি কিলোমিটার এক টাকা ২০ পয়সা) ৪০ টাকা হওয়ার কথা। কিন্তু সেখানে আদায় করা হচ্ছে ৬০ টাকা। এ ছাড়া এই পথের প্রতিটি স্ট্যান্ডেই আগের চেয়ে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত ভাড়া বেশি আদায় করা হচ্ছে। বরগুনা থেকে নিয়ামত পর্যন্ত ৩৯ কিলোমিটার রাস্তায় সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া হওয়ার কথা ৪৭ টাকা। কিন্তু সেখানে আদায় করা হচ্ছে ৬৫ টাকা। বরগুনা-নিশানবাড়িয়ার দূরত্ব ২৭ কিলোমিটার, সেখানে তালিকা অনুযায়ী ভাড়া হওয়ার কথা ৩২ টাকা। কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে ৫০ টাকা।বরগুনা-বেতাগী সড়কের ধোপাবাড়ি এলাকার যাত্রী ইসলাম হোসেন জানান, এই রুটের ধোপাবাড়ি থেকে বরগুনায় আগের ভাড়া নেওয়া হতো ২০ টাকা, এখন নেওয়া হচ্ছে ৩২ টাকা। গৌরিচন্না এলাকার বাসযাত্রী জসিম উদ্দিন একই ধরনের অভিযোগ করেন।এদিকে বরগুনা ও পাথরঘাটা থেকে ঢাকাসহ বিভিন্ন্ন স্থানে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোতে প্রায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পাথরঘাটার বাসযাত্রী এ কে আজাদ খান বলেন, আগে পাথরঘাটা থেকে ঢাকার ভাড়া ছিল ৩৫০ থেকে ৪০০ টাকা; কিন্তু বর্তমানে ৫৫০-৬৫০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। পাথরঘাটা-ঢাকা রুটে চলাচলকারী দেশ পরিবহনের স্থানীয় প্রতিনিধি নাজমুল হক রিয়াজ বলেন, ‘এমনিতে আমরা ৩৫০-৪০০ টাকা ভাড়া নিই; কিন্তু ঈদ উপলক্ষে ৫৫০-৬০০ টাকা নিচ্ছি।’ ঢাকার একটি কলেজের শিক্ষার্থী লিমন বলেন, কোরবানির ঈদে বাড়িতে আসার সময় ৪০০ টাকার স্থলে ৭৫০ টাকা দিয়ে বাসের টিকিট নিতে হয়েছে। আবার ঈদের এক সপ্তাহ পরে বরগুনা থেকে ঢাকায় যাওয়ার সময় একই ভাড়া দিতে হয়েছে। বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘ডিজেল ও টায়ারসহ অন্যান্য যন্ত্রাংশের মূল্য বৃদ্ধির ফলে আমরা সরকার নির্ধারিত ভাড়ায় পোষাতে পারছি না। তাই কিছুটা বর্ধিত ভাড়া নিতে হচ্ছে।’ বরিশাল বিভাগীয় বিআরটিএর পরিচালক মো. নুরুজ্জামান বলেন, ‘সরকার নির্ধারিত নতুন ভাড়া তালিকা অনুযায়ী প্রতি কিলোমিটারে এক টাকা ২০ পয়সা, ফেরি থাকলে সেখানে অতিরিক্ত ফেরি ভাড়া ওই ভাড়ার সঙ্গে যোগ হবে। এর অতিরিক্ত ভাড়া আদায় করা সম্পূর্ণ বেআইনি।’