অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর দাবিতে সেচপাম্প মালিকদের মানববন্ধন
গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন সেচপাম্প মালিকেরা। বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি বন্ধ ও অতিরিক্ত বিল কমানোসহ ১৩ দফা দাবিতে গাইবান্ধা বিদ্যুৎ গ্রাহক-সেচপাম্প মালিক সমিতি ওই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিদ্যুৎ গ্রাহক-সেচ মালিক সমিতির উপদেষ্টা মাসুদুর রহমান, সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনাউর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি বন্ধ, মিটার ছাড়া করা সেচপাম্পের কয়েক কোটি টাকার বিল বাতিল, সেচপাম্প মালিকদের অস্থায়ী সংযোগ বিচ্ছিন্ন করার পরও যাঁদের বিদ্যুৎ বিল কষা হয়েছে তা বাতিল, মিটার অনুযায়ী ইউনিটভিত্তিক বিদ্যুৎ বিল নির্ধারণ, দুর্নীতিবাজ লাইনম্যানদের অবৈধ সংযোগ খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেচপাম্প মালিক গ্রাহকের সঙ্গে বিদ্যুৎ বিভাগ রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলীর চুক্তি বাস্তবায়ন, প্রতিটি সেচপাম্প মালিকদের বিনা মূল্যে মিটার সরবরাহসহ ১৩ দফা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এসব দাবি না মানলে বিদ্যুৎ কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।
এসব বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অতিরিক্ত বিল সংশোধনের বিষয়ে বিদ্যুৎ বিতরণ বিভাগ রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রকিবুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠিত হয়। কমিটি সরেজমিন তদন্ত শেষে বিল সংশোধন করা যেতে পারে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনের প্রস্তাবটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অনুমোদনও করেছে। সেচপাম্প মালিকদের যাঁরা অভিযোগ করবেন, তাঁদের কাগজপত্র যাচাই-বাছাই করে অতিরিক্ত বিল সংশোধন করা হবে। ইতিমধ্যে বিল কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে।