কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীরা প্রতি মাসে জনপ্রতি ১০ টাকা করে বিদ্যুৎ বিল দিতেন। এখন ওই বিল মাসে জনপ্রতি ১১০ টাকা ধার্য করা হয়
অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল ইসলাম হলের ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করেন। একই সঙ্গে ওই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তাঁরা অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন।
জানা যায়, কবি নজরুল হলের শিক্ষার্থীরা প্রতি মাসে জনপ্রতি ১০ টাকা করে বিদ্যুৎ বিল দিতেন। এখন ওই বিল মাসে জনপ্রতি ১১০ টাকা ধার্য করা হয়। ৪ এপ্রিল হল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল বাড়ানোর একটি নোটিশ জারি করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গতকাল বেলা ১১টায় শিক্ষার্থীরা হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা কলেজের অধ্যক্ষ মো. আবু তাহেরের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কবি নজরুল ইসলাম হল প্রতিষ্ঠার ৫৮ বছরের মধ্যে এবারই প্রথম বিদ্যুৎ বিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া কয়েক মাস আগে হলের সংস্থাপন ফিও বাড়ানো হয়; যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বাড়তি বিদ্যুৎ বিল প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়।
হলের ছাত্র দেলোয়ার হোসেন, আখতার হোসেন, মেহেদী হাসানসহ কয়েকজন বলেন, আগে মাসে ১০ টাকা বিদ্যুৎ বিল ছিল। এখন বিদ্যুৎ বিল কয়েক গুণ বাড়ানো হয়েছে। ছোট আকৃতির একটি কক্ষে (চারজনের) প্রতি মাসে কোনোভাবেই ৪৪০ টাকা বিল হতে পারে না। ওই কারণে তাঁরা আন্দোলন করছেন।
হলের তত্ত্বাবধায়ক মো. আসাদুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। ছাত্ররা আন্দোলন করেছেন। বিষয়টি অধ্যক্ষ মহোদয়কে জানানো হয়েছে।
কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের বলেন, কলেজের ডিগ্রি শাখায় একটি মিটারের মাধ্যমে আগে বিদ্যুৎ ব্যবহার করা হতো। অডিট আপত্তির কারণে হল, মসজিদ ও গ্রন্থাগারের জন্য আলাদা মিটার দেওয়া হয়। এতে গত তিন মাসে হলের বিদ্যুৎ বিল আসে ১ লাখ ৩২ হাজার টাকা। হলে ৪০০ জন শিক্ষার্থী থাকেন। তাঁদের মধ্যে ওই টাকা ভাগ করে দেওয়া হয়। এতে জনপ্রতি মাসে ১১০ টাকা আসে। নওয়াব ফয়জুন্নেছা ছাত্রী হলের শিক্ষার্থীরা বিদ্যুৎ বিল দিয়ে এলেও নজরুল হলের ছাত্ররা বিল না দিয়ে আন্দোলন করেন। তার ওপর সরকার গত কয়েক মাস আগে বিদ্যুৎ বিল বাড়িয়েছে। ফলে শিক্ষার্থীদের ওপর ওই চাপ পড়ছে। বিষয়টি নিয়ে করণীয় কী তা হল কমিটির সভায় ঠিক করা হবে।