অতিরিক্ত বিদ্যুৎ বিল, হয়রানির মুখে গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের অতিরিক্ত বিল আসায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) গ্রাহকেরা। কয়েক মাস ধরে স্বাভাবিকের চেয়ে তিন-চার গুণ অতিরিক্ত বিল দিতে হচ্ছে তাঁদের।

গ্রাহকেরা অভিযোগ করেন, রিডাররা যথাযথভাবে মিটার না দেখে বিল করছেন। মিটার রিডারদের গাফিলতির কারণে তাঁদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

জুলাই মাসের বিদ্যুতের বিল দেওয়ার শেষ তারিখ ছিল ২৭ আগস্ট। এ িদন জেলা শহরের সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের টি এ রোড শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থানকালে ২০-২৫ জন গ্রাহককে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে দেখা গেছে। এসব গ্রাহক অভিযোগ করেন, বিদ্যুৎ বিভাগের লোকজন মনগড়া বিল তৈরি করেন। তাঁদের কাছে গিয়ে এসব অভিযোগ করলে বিদ্যুৎ বিল যা এসেছে তা-ই দিতে হবে বলে জানান।

২৭ আগস্ট পিডিবির জেলা কার্যালয়ে বেলা দুইটা পর্যন্ত অবস্থান করে ৬০-৭০ জন গ্রাহককে অতিরিক্ত বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে প্রকৌশলীদের কাছে যেতে দেখা গেছে।

পিডিবির জেলা কার্যালয়ের বিতরণ বিভাগে কর্মরত কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রতি মাসের ১৭ থেকে ২৭ তারিখ পর্যন্ত গ্রাহকেরা অতিরিক্ত বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে কার্যালয়ে আসেন। প্রতিদিন গড়ে শতাধিক গ্রাহক এ সমস্যা নিয়ে কার্যালয়ে আসেন।

পিডিবির জেলা বিতরণ কার্যালয় সূত্রে জানা গেছে, এর অধীনে জেলায় প্রায় ৭০ হাজার আবাসিক ও ১০-১২ হাজার বাণিজ্যিক সংযোগ রয়েছে। জেলায় আবাসিক ও বাণিজ্যিক সংযোগের জন্য প্রতিটি মিটার দেখে বিদ্যুতের বিল তৈরির জন্য সরকারিভাবে মিটার রিডার মাত্র একজন। অস্থায়ীভাবে ৪৪ জন মিটার রিডারকে নিয়োগ দিয়েছে পিডিবি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাওয়ার হাউস রোডের কান্দিপাড়া এলাকার সত্যব্রত রায় বলেন, ‘আমি দুটি পাখা, দুটি বাতি ও একটি টেলিভিশন ব্যবহার করি। সব সময় আমার ৫০ থেকে ৭০ ইউনিটের বিদ্যুৎ বিল আসত। অথচ তিন মাস ধরে আমার ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ কম দেখালেও বিল বাবদ অতিরিক্ত টাকা আসছে।’

গত মার্চ ও এপ্রিল মাসের বিদ্যুৎ বিলের কাগজ ঘেঁটে দেখা গেছে, পিডিবির ৫৯৫৬৮৪২ নম্বর বিদ্যুৎ বিলের গত মার্চ মাসে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করায় সত্যব্রত রায়ের বিল এসেছে ২০২ টাকা। এপ্রিল মাসে একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের জন্য বিল এসেছে (ভ্যাটসহ) ১ হাজার ১০৩ টাকা। বিদ্যুৎ বিলের বাঁ পাশের বর্তমান মূল্যের (কারেন্ট চার্জ) ঘরে বিদ্যুৎ বিল ১ হাজার ১০৩ টাকা উল্লেখ থাকলেও ডান পাশের সমন্বয় (অ্যাডজাস্টমেন্ট) বিলের ঘরে ২ হাজার ২১৬ টাকা উল্লেখ করা হয়েছে। সাধারণত দুটি ঘরে একই পরিমাণ বিল উল্লেখ থাকার কথা রয়েছে।

সত্যব্রয় রায় বলেন, ‘বিষয়টি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বলেছি। তাঁরা কিছুই করার নেই জানিয়ে বিদ্যুৎ বিল যা এসেছে তা জমা দিতে বলেন। পরে আমি বিদ্যুৎ বিল বাবদ ব্যাংকে ২ হাজার ২১৬ টাকা জমা দিয়েছি।’ পরের মাসে কম ইউনিট দেখিয়ে বিদ্যুৎ বিল দেওয়া হবে বলে তাঁকে জানানো হয়।

মে, জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিলের রসিদ ঘেঁটে দেখা গেছে, মে মাসে ৫০ ইউনিট ব্যবহারের জন্য ৬৯১ টাকা বিদ্যুৎ বিল ধরা হয়েছে। জুন মাসে ১০ ইউনিট ব্যবহার দেখিয়ে ২৮৪ টাকা বিদ্যুৎ বিল পাঠানো হয়। জুলাই মাসে ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে ১ হাজার ১০৩ টাকার বিল তৈরি করা হয়েছে।

কলেজপাড়া এলাকার সিরাজ মিয়া সরকার বলেন, ‘আমি একটি ফ্যান, একটি লাইট, একটি ফ্রিজ ও টেলিভিশন ব্যবহার করি। অথচ জুলাই মাসে প্রায় ৫ হাজার টাকার ওপরে বিদ্যুৎ বিল এসেছে।’

গত শুক্র, শনি ও রোববার জেলা শহরের কান্দিপাড়া, শিমরাইলকান্দি, কলেজপাড়া, কাজীপাড়া, বাগানবাড়ি, মুন্সেফপাড়া, সরকারপাড়া, পাইকপাড়া, মেড্ডা, পৈরতলা ও কাউতলী এলাকার শতাধিক গ্রাহকের সঙ্গে কথা হলে তাঁরা বিদ্যুৎ বিভাগের লোকজনের মনগড়া ও অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগ করেন। তবে মনগড়া ও মিটার না দেখেই বিল তৈরি করার অভিযোগ অস্বীকার করেছেন কয়েকজন মিটার রিডার।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমাদের সরকারিভাবে একজন মিটার রিডার থাকলেও অস্থায়ীভাবে ৪৪ জন কাজ করছেন।’ লোকজন এলাকায় যান না এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাহলে বিল কীভাবে তৈরি হচ্ছে? তবে মাঝে মাঝে একটু সমস্যা হতেই পারে। সত্যব্রত রায়ের বিদ্যুৎ বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিলের কাগজ না দেখে কিছু বলতে পারব না।’