অতিরিক্ত বিলে দিশেহারা ভোলার বিদ্যুৎ-গ্রাহকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরের খালপাড়ের মাখরাজুল কুরআন মাদ্রাসার একটি কক্ষের বিদ্যুতের ডিজিটাল মিটারের ইউনিট গত ২৮ আগস্ট ছিল এক হাজার ৪০৩। কিন্তু পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) পাঁচ মাস আগেই এই মিটারের বিল করেছিল এক হাজার ৬০০ ইউনিটের। ফলে বাড়তি বিল পরিশোধ করতে হচ্ছে সেই কক্ষের ভাড়াটে রাজীব হাওলাদারকে (২৯)।
জানা গেছে, ওজোপাডিকো ভোলা কার্যালয়ের মিটার রিডাররা ৮০ ভাগ গ্রাহকদের বাড়িতে না গিয়ে বিল তৈরি করছেন। এতে বিলের ইউনিটের সঙ্গে মিটারের ইউনিট মিলছে না। রিডিংয়ের যোগ-বিয়োগেও ভুল থাকছে। অনেক ক্ষেত্রে মিটারের চেয়েও অনেক বেশি ইউনিটের বিল করা হচ্ছে। এতে গ্রাহকদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জানতে চাইলে ভোলা ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ বলেন, ‘বিল করার জন্য প্রতি মাসে মিটারের কাছে যাওয়ার দরকার পড়ে না। একবার ধারণা পেলেই হয়। আমরা ইচ্ছা করে যোগ-বিয়োগে ভুল করছি না, ভুল হচ্ছে কম্পিউটারে।’ তিনি আরও বলেন, ‘কিছু পুরোনো মিটার বিকল হওয়ায় আমরা বাড়তি বিল করছি সরকারের সিস্টেম লস পোষানোর জন্য; তবে সংশ্লিষ্ট গ্রাহকদের বারবার বলার পরও তাঁরা বিকল মিটার বদলাচ্ছেন না।’
কয়েক মাসের পর্যবেক্ষণে দেখা গেছে, প্রায় প্রতিদিন কয়েক শ গ্রাহক ভোলার ওজোপাডিকোর কার্যালয়ের সামনে ভিড় করছে বিলের ভুল সংশোধনের জন্য। তাঁদের অভিযোগ, মিটারের চলমান রিডিংয়ের সঙ্গে মিটারের রিডিংয়ের কোনো মিল নেই। রিডিংয়ের যোগ-বিয়োগে ভুল করার কারণে বিল সঠিক হচ্ছে না। বিলের লেখাও একেবারে অস্পষ্ট থাকে। এ নিয়ে গ্রাহকদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বাগ্বিতণ্ডা লেগেই থাকছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, ওজোপাডিকোর কর্মকর্তারা নিজেদের চুরি পোষানোর জন্য অন্যের ওপর বাড়তি বিলের বোঝা চাপাচ্ছেন। নিজেদের স্বার্থ বজায় রেখে ভুলভাল বুঝিয়ে গ্রাহকদের বিদায় করছেন। কিন্তু প্রকৃত সমস্যার সমাধান করছেন না। বিল ঠিক করতে গেলে কখনো কখনো কর্মচারীরা গ্রাহকদের ধাক্কা দিয়ে বের করে দেন।
ভোলা আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহমান জানান, তাঁর ডিজিটাল মিটারে চলমান রিডিংয়ের চেয়ে কয়েক গুণ বেশি ইউনিটের বিল করা হচ্ছে। বর্তমান রিডিং অনুযায়ী বিল হয় ১১০ ইউনিটের মতো; কিন্তু বিল করা হয়েছে ৩১০ ইউনিটের। বিল পরিশোধ করার পরও আগের মাসের বিল পরবর্তী মাসের বিলে যোগ করা হচ্ছে।
ভোলা ইলিশা সড়কের এ বি এম সিদ্দিকুর রহমান জানান, জুলাই মাসে বিদ্যুৎ খরচ হয়েছে ৭২ ইউনিট। বিলের কাগজে লেখা হয়েছে ১৪০ ইউনিট। বিল ২৮৫ টাকা হওয়ার কথা থাকলেও তাঁকে ৬৪৭ টাকা পরিশোধ করতে হয়েছে। বারবার বিদ্যুৎ অফিসে গিয়েও এর প্রতিকার মেলেনি।
সদর উপজেলার নীরব হোসেন বলেন, জুলাই মাসে তাঁদের বিল করা হয়েছে ৭০ ইউনিটের। কিন্তু বিলের কপিতে বর্তমান ও আগের রিডিংয়ের জায়গায় একই ইউনিট লেখা হয়েছে। ভোলা জেলা মৎস্য কার্যালয়ের জুন মাসের রিডিং ছিল ২২১ ইউনিট। কিন্তু বিল করা হয়েছে ৩৬০ ইউনিটের।
ভোলা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আলী প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। তাঁরা সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে সমাধান করি। গ্রাহককে ভোগান্তিতে ফেলার অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’