মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণসহ কয়েক দফা দাবিতে গত রোববার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী স্কুল মাঠে মানববন্ধন ও সমাবেশ করেছেন।
অভিভাবকেরা বলেন, অন্যান্য স্কুলে ভর্তি ফি ৬০০ থেকে ৮০০ টাকা। কিন্তু আমতৈল স্কুলে সব শ্রেণিতে ভর্তি ফি ১ হাজার ২৫০ টাকা। অন্যান্য বিদ্যালয়ে মাসিক বেতন ৬০ টাকা হলেও এ স্কুলে ১০০ টাকা। গরিব ছাত্রছাত্রীরা স্কুল থেকে কোনো সহযোগিতা পায় না।
আন্দোলনকারীরা বলেন, তাঁদের দাবির মধ্যে আরও আছে বিদ্যালয় পরিচালনা কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন, প্রধান শিক্ষকের অপসারণ, কোচিং বাণিজ্য বন্ধ, দরিদ্র ছাত্রছাত্রীর মধ্যে সুষ্ঠুভাবে উপবৃত্তি বণ্টন, অতিরিক্ত ভর্তি ফি ফেরত ও সরকারি পরিপত্র অনুযায়ী ভর্তি ফি নেওয়া, অভিভাবকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ, পরিচালনা কমিটিতে ভোটের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি নির্বাচন ইত্যাদি। বিদ্যালয়টিতে ৮০০ ছাত্রছাত্রী রয়েছে।
আমতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজিত দাশ বলেন, অভিভাবকেরা বিভিন্ন সময় বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছেন। লাভ হয়নি। সমাবেশ শেষে পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। এতে বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। আগামীকাল সকাল ১০টায় আবার সভা ডাকা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হবে।
প্রধান শিক্ষক হিমাংশু শেখর দেবরায় বলেন, ‘২০ শতাংশ ছাত্রছাত্রীর বেতন পাই না। স্কুলে টেবিল ও বেঞ্চ-সংকট আছে। ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) যত জায়গায় দরখাস্ত করা যায় করেছি। একটা টাকাও পাই না। এলাকা থেকেও কেউ সহযোগিতা করে না। টেবিল ও বেঞ্চ স্কুল থেকেই বানাতে হয়। এ জন্য সেশন ফি ১০০ টাকা বেশি নিয়েছি। ছাত্রছাত্রীরা রেগুলার বেতন দিলে সেশন ফি দু-এক শ টাকা কমাতে পারতাম। ভালো ফলের জন্য নয়জন খণ্ডকালীন শিক্ষক রাখা হয়েছে। এখন সবাই বৈঠকে বসলে তাঁদের সামনে সব হিসাব দেব। আমাদের কাজ পড়ানো।’