অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবিতে বরগুনায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা বাসমালিকদের স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানির প্রতিবাদে এবং শ্রমিক অধিকার নিশ্চিত করার দাবিতে বরগুনা সদর ও আমতলীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা সিটিজেন জার্নালিস্ট টিম নামের একটি সংগঠন ও স্থানীয় এলাকাবাসী গতকাল সোমবার বরগুনা সদরে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন। সকাল ১০টায় বরগুনা শহরের টাউন হল চত্বরে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বরগুনা-বেতাগী-বরিশাল, বরগুনা-আমতলী, বরগুনা-পাথরঘাটা রুটসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের বেহাল দশার কথা তুলে ধরা জরুরি। তাঁরা আরও বলেন, জেলার বিভিন্ন পথে চলাচলকারী বাসগুলোতে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করাসহ যাত্রীদের প্রতিনিয়ত নানাভাবে হেনস্তা করা হচ্ছে। অবিলম্বে এসব স্বেচ্ছাচারিতা বন্ধে প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য দেন বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাহাদুর, তরুণ ব্যবসায়ী আরিফ খান, খেলাঘর বরগুনা জেলা শাখার সম্পাদক মুশফিক আরিফ, উন্নয়ন সংগঠন জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা, জেলা সিটিজেন জার্নালিস্ট টিমের সদস্য সাইমুল রাব্বী প্রমুখ।
অপরদিকে গতকাল বেলা ১১টায় আমতলী চৌরাস্তায় বরিশাল-বরগুনা-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন করে এলাকাবাসী। এ মানববন্ধনে বক্তারা বলেন, বাসমালিকদের স্বেচ্ছাচারিতা, অবৈধভাবে রুট দখল, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি বন্ধ করতে হবে। একই সঙ্গে যাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান, আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার উদদীন মৃধা, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম নুরুল হক, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবর রহমান, পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম তালুকদার, জেলা পরিষদের সদস্য শাহিনুর তালুকদার প্রমুখ।