
সরকার ঢাকা ও চট্টগ্রাম নগরে সিএনজিচালিত বাস-মিনিবাসে কিলোমিটার-প্রতি ভাড়া বাড়িয়েছে ১০ পয়সা। কিন্তু যাত্রীদের অভিযোগ, বাস-মিনিবাসসহ গণপরিবহনের মালিকেরা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন এর দশ গুণ পর্যন্ত। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করতে গিয়ে রাজধানীতে যাত্রীরা নাজেহাল হচ্ছেন। পরিবহনশ্রমিকদের সঙ্গে যাত্রীদের হাতাহাতির ঘটনাও ঘটছে।
রাজধানীর ফার্মগেটে গতকাল রোববার গণশুনানিতে এসব অভিযোগ ও নিজেদের অসহায়ত্ব তুলে ধরেন যাত্রীরা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে চলমান ভাড়া নৈরাজ্যবিষয়ক এই গণশুনানির আয়োজন করে। বেলা ১১টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা এই গণশুনানি হয়।
গণশুনানিতে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, সরকার যে প্রক্রিয়ায় ভাড়া নির্ধারণ করে তা সঠিক নয়। ভাড়া নির্ধারণী সভায় যাত্রীদের কোনো প্রতিনিধি থাকেন না। ভাড়া নির্ধারণের জন্য সরকারকে গণশুনানির আয়োজন করতে হবে। আগে যে ভাড়া ছিল সেটাই অতিরিক্ত ছিল। বরং আগে নির্ধারিত ভাড়াই কমানো উচিত।
গণশুনানিতে যাত্রী কল্যাণ সমিতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন বলেন, বাস মালিকেরা সরকারের কাছে যে হিসাব দেন, তাতে বলেন, মিনিবাসের আসন ২৯টি। বলা হয়, বাসে গড়ে ২০ শতাংশ আসন খালি থাকে। গাড়ি গ্যারেজে রাখতে হয় বলে বাড়তি টাকা ব্যয় হয়। প্রতিদিন ইঞ্জিন ওয়েল পরিবর্তন এবং প্রতি মাসে আসন মেরামত করতে হয়।
এসব বিষয়ে গণশুনানি হয়। উপস্থিত যাত্রীরা বলেন, বাস-মিনিবাসে কখনোই ২০ শতাংশ আসন খালি থাকে না। বরং আসনের দ্বিগুণ যাত্রী ওঠানো হয়। মিনিবাসে আসন থাকে ৪০ থেকে ৪২টি। ফলে চাপাচাপি করে বসতে হয়। অনেক আসনের কাপড় থাকে ছেঁড়া-ফাটা, কোনো কোনোটির তারকাঁটায় লেগে প্যান্ট ছিঁড়ে যায়। কিন্তু আসন মেরামত করা হয় না।
যাত্রীরা আরও বলেন, মিরপুর-গুলিস্তান পথের মিনিবাসগুলো অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য হঠাৎ ‘সিটিং সার্ভিস’ চালু করেছে। এতে এই দুই প্রান্ত থেকে ফার্মগেটসহ মাঝপথের যাত্রীরা বিপাকে পড়েছেন। প্রথমত, মাঝপথের যাত্রী তোলা হচ্ছে না। কেউ উঠলেও ভাড়া নেওয়া হচ্ছে সর্বশেষ গন্তব্যের। যা যাত্রীদের জন্য জুলুম। কিন্তু এক মাস পরই ‘সিটিং সার্ভিস’ থাকবে না। একই হারে ভাড়া নেওয়া হলেও যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো হবে, দাঁড়িয়েও যাত্রী নেওয়া হবে। ‘সিটিং সার্ভিস’ হলো ভাড়া বাড়ানোর কৌশলমাত্র।
ইডেন কলেজের ছাত্রী মোমেনা খাতুন বলেন, তিনি কাঁটাবনে থাকেন। ব্যক্তিগত প্রয়োজনে তাঁকে অনেক জায়গায় যেতে হয়। কন্ডাক্টরের দাবিমতো ভাড়া না দিলে তারা টাকা নাকের ওপর ছুড়ে মারে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন সাজ্জাদ হোসেন। প্রতিদিন তাঁকে আগারগাঁওয়ের তালতলা থেকে শাহবাগে যাতায়াত করতে হয়। তিনি বলেন, আগে এ পথে মিনিবাসে ভাড়া নেওয়া হতো ১৫ টাকা। এখন নিচ্ছে ২৪ টাকা। এই রুটের মিনিবাসগুলোতে নিয়ম অনুযায়ী আসন থাকার কথা ২৯টি। বাস্তবে আসন থাকে ৪০-এর ওপরে। শুধু ইঞ্জিনের ওপরেই থাকে ১০টি আসন।
গণশুনানিস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক বাস মালিক সমিতির এক কর্মচারী প্রথম আলোকেবলেন, মালিকেরা ভাড়ার একটি তালিকা বাসে ঝুলিয়ে থাকেন। তাতে লেখা থাকে তালিকাটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক অনুমোদিত। আসলে এটি ভুয়া। মালিক সমিতি নিজেদের মতো করে তালিকা তৈরি করে।
যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা লেখক, প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘গণশুনানিতে আমরা আড়াই শর মতো যাত্রীর সাক্ষাৎকার নিয়েছি। জেনেছি, আগে একজন যাত্রীর যাতায়াতে মাসে খরচ হতো এক থেকে দেড় হাজার টাকা। এখন খরচ হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। ভাড়া বাড়িয়ে সরকার মালিকদের সুবিধা দিয়ে যাত্রীদের হয়রানি করার সুযোগ করে দিয়েছে। মালিকেরা যাত্রীদের শোষণ করছে। ভাড়া কম থাকলে ছাত্রদের বাস থেকে নামিয়ে দিচ্ছে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছে। বিআরটিসির বাসগুলো সংস্থার অধীনে চললে এ অবস্থা হতো না।’
সৈয়দ আবুল মকসুদ বলেন, যাত্রী কল্যাণ সমিতি গতকাল নগরের বিভিন্ন মোড়ে যাত্রীদের শুনানি নিয়েছে। এক সপ্তাহ পর তাঁরা এ বিষয়ে সংবাদ সম্মেলন করে মতামত তুলে ধরবেন।
যাত্রীদের শুনানি নেন সৈয়দ আবুল মকসুদ, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা এম শামসুল আলম, সিপিবির নেতা রুহিন হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।