অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বেশির ভাগ ট্রেনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাড়তি ভাড়া দিতে না চাইলে ট্রেনের কর্মচারীরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। অনেক সময় ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। কর্মচারীদের এহেন আচরণে এসব ট্রেনে চলাচলকারী যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।গাইবান্ধা রেলস্টেশন সূত্র জানায়, সান্তাহার-লালমনিরহাট ও দিনাজপুর-সান্তাহার রেলপথে ছয়টি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করছে। গাইবান্ধা ও কুষ্টিয়া জেলার তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত বছরের ২১ এপ্রিল থেকে ৪ বছরের জন্য এসব ট্রেন পরিচালনার দায়িত্ব নেয়। এর মধ্যে গাইবান্ধার মেসার্স এমজিএম ট্রেডার্স পদ্মরাগ এক্সপ্রেস, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার তাজ এন্টারপ্রাইজ সাত আপ ও আট ডাউন উত্তরবঙ্গ মেইল, কুষ্টিয়ার মেসার্স শান্তা এন্টারপ্রাইজ ১৯ আপ ও ২০ ডাউন ট্রেন পরিচালনার দায়িত্ব নেয়।গাইবান্ধা স্টেশনের মাস্টার আবদুল ওয়াহেদ জানান, বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দিলেও রেলওয়ে কর্তৃপক্ষ ভাড়া বাড়ায়নি। এমনকি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আগে নির্ধারিত ভাড়া নিতে বলা হয়েছে। তিনি আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সূত্র আরও জানায়, রেলওয়ে মহিমাগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত মেইল ট্রেনে ১০ টাকা ও লোকাল ট্রেনে ছয় টাকা এবং গাইবান্ধা থেকে মহিমাগঞ্জ পর্যন্ত লোকাল ট্রেনে পাঁচ টাকা ও মেইল ট্রেনে সাত টাকা ভাড়া নির্ধারণ করে।গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, ‘ব্যবসায়িক কারণে প্রায়ই মহিমাগঞ্জ ও বগুড়া যেতে দেখেছি, ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মচারীরা ১০ টাকার স্থলে ১২ টাকা, ছয় টাকার স্থলে সাত টাকা, পাঁচ টাকার স্থলে ছয় টাকা এবং সাত টাকার স্থলে ১০ টাকা ভাড়া আদায় করছেন। এভাবে প্রতি মাসে প্রতিষ্ঠানগুলো লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আর ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারও করা হচ্ছে।’এদিকে বেসরকারি ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো সরকারি নির্দেশনা দেখাতে পারেনি। তারা কেবল নিজেদের ছাপানো ভাড়ার তালিকা প্রদর্শন করে। গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ গ্রামের আইয়ুব আলী বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেন পরিচালনার ইজারা দিলেও পরবর্তী সময়ে কোনো তদারকি করে না। ফলে প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব গতিতে চলছে। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।এদিকে সরকারি ও বেসরকারিভাবে পরিচালিত ট্রেনের মধ্যে ভাড়ার বৈষম্য রয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ট্রেনের টিকিটে লেখা: মহিমাগঞ্জ থেকে বগুড়ার দূরত্ব ৩৬ কিলোমিটার; কিন্তু সরকারিভাবে পরিচালিত আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের টিকিটে লেখা ৭৬ কিলোমিটার। ৭৬ কিলোমিটার দূরত্ব দেখিয়ে ভাড়া আদায় করা হচ্ছে ৪০ টাকা। ভাড়া-বৈষম্যের কারণে যাত্রীরা বিভ্রান্তিতে পড়ছে। এ প্রসঙ্গে গাইবান্ধা স্টেশনের মাস্টার আবদুল ওয়াহেদ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো কাজ হচ্ছে না।গাইবান্ধার জিএমজি ট্রেডার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, রেলওয়ের তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। কোনো কর্মচারীর বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হারুন-অর-রশিদ জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ সঠিক নয়। আর যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার দূরের কথা, ভাড়া চাইলে কোনো কোনো যাত্রী উল্টো কর্মচারীদের গালিগালাজ ও মারপিট করে।