অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা
শেরপুরের ঝিনাইগাতীতে ঈদের পর ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত একটি পরিবহনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে আদালত অপর পরিবহনগুলোকে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে ঝিনাইগাতী বাজারে স্থাপিত বিভিন্ন পরিবহনের নয়টি বাস কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও মোহাম্মদ সেলিম রেজা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর বাস কাউন্টারে ঢাকাগামী বাসযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া ৩০০ টাকার পরিবর্তে ৩৫০-৪০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছিল। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে নির্বাহী হাকিম সেলিম রেজা গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাস কাউন্টারগুলোতে অভিযান চালান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘মায়ের আঁচলের’ টিকিট মাস্টার আমির হামজাকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত।