অতিরিক্ত ভাড়া ও যাত্রী দুই মিলিয়ে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত ভাড়া ও অতিরিক্ত যাত্রী পরিবহন করায় বরিশালসহ দক্ষিণাঞ্চলের কর্মস্থলে ফেরা যাত্রীদের এবারও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বরিশাল-ঢাকাসহ দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোতে ঈদের আগে ও পরের ১৫ দিন বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

একই সঙ্গে ধারণক্ষমতার দ্বিগুণ-তিন গুণ যাত্রী পরিবহন করায় একদিকে ঝুঁকি, অন্যদিকে মারাত্মক ভোগান্তিতে কর্মস্থলে ফিরতে হচ্ছে এই অঞ্চলের কয়েক লাখ যাত্রীকে। ঈদের পর কয়েক দিন দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রীদের তেমন ভিড় না থাকলেও দুই দিন ধরে ভিড় বাড়তে থাকে। গতকাল বৃহস্পতিবার থেকে তা আরও বেড়েছে।

বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, ১০ সেপ্টেম্বর পর্যন্ত এই ভিড় অব্যাহত থাকবে। গতকাল দক্ষিণাঞ্চলের বিভিন্ন বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ লঞ্চ ধারণক্ষমতার দ্বিগুণ-তিন গুণ যাত্রী নিয়ে নির্ধারিত সময়ের দেড়-দুই ঘণ্টা আগে ঘাট ত্যাগ করে।

লঞ্চমালিকদের সূত্র জানায়, কোরবানির ঈদ উপলক্ষে গত ২৭ আগস্ট থেকে ঢাকা-বরিশাল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে ঈদের বিশেষ সার্ভিস শুরু হয়।

যাত্রীদের অভিযোগ, বিশেষ সার্ভিস শুরু হওয়ার আগেই বিভিন্ন পথে চলাচলকারী বেশির ভাগ লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় শুরু হয়। লঞ্চগুলোতে প্রকারভেদে ন্যূনতম ৫০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এতে ফিরতি লাখো যাত্রীকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

লঞ্চমালিকদের সূত্র জানায়, সারা বছর ঢাকা-বরিশাল লঞ্চগুলোতে ডেকে ২০০ টাকা, সিঙ্গেল কেবিন ৯০০ এবং ডাবল কেবিন ১ হাজার ৮০০ টাকা করে ভাড়া নেওয়া হয়। আর ভিআইপি কেবিনের ভাড়া নেওয়া হয় প্রকারভেদে ৩ থেকে ৫ হাজার টাকা। কিন্তু ঈদের বিশেষ সার্ভিস শুরু হওয়ার পর ভাড়া বাড়িয়ে
ডেকে ২৫০ টাকা, সিঙ্গেল কেবিন (এসি/নন-এসি) ১ হাজার ২০০ এবং ডাবল কেবিন ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৪ হাজার টাকার ভিআইপি কেবিনের ভাড়া করা হয়েছে ৬ থেকে ৭ হাজার টাকা।

ঢাকা-বরিশাল পথে চলাচলকারী লঞ্চ এমভি সুরভির পরিদর্শক মো. মাসুদ গতকাল বলেন, ঈদ উপলক্ষে যে বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে, তা সরকারের নির্ধারিত ভাড়ার বেশি নয়।

ঢাকা থেকে বরগুনার আমতলী পথে চলাচলকারী লঞ্চগুলোতে আগে ডেকের যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হতো ৩০০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া ছিল ১ হাজার টাকা এবং ডাবল কেবিনের ভাড়া নেওয়া হতো ২ হাজার টাকা। কিন্তু ঈদের আগে থেকে তা বাড়িয়ে ডেকে নেওয়া হচ্ছে ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ টাকা, ডাবল কেবিন ২ হাজার ৪০০ টাকা এবং ভিআইপি কেবিন ৫ হাজার টাকা। ঢাকা-পটুয়াখালী পথে চলাচলকারী লঞ্চগুলোতে আগে ডেকের ভাড়া ছিল ৩০০ টাকা করে; এখন নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। সিঙ্গেল কেবিন ৯০০ টাকার স্থলে নেওয়া হচ্ছে ১ হাজার ২০০ টাকা। আর ডাবল কেবিনের ভাড়া ২ হাজার টাকার স্থলে নেওয়া হচ্ছে ২ হাজার ৪০০ টাকা। ঝালকাঠি-ঢাকা পথে চলাচলকারী লঞ্চগুলোতেও একইভাবে ভাড়া বাড়ানো হয়েছে। আগের ডেকের ২৫০ টাকার ভাড়া বেড়ে এখন হয়েছে ৩০০ টাকা, ৯০০ টাকার সিঙ্গেল কেবিন ১ হাজার ২০০ এবং ১ হাজার ৮০০ টাকার ডাবল কেবিন ২ হাজার ২০০ টাকা। ঝালকাঠি-ঢাকা পথে চলাচলকারী সুন্দরবন-১২ লঞ্চের পরিদর্শক শাখাওয়াত হোসেন গতকাল দুপুরে বলেন, ‘এটা সরকারের নির্ধারিত ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করা হয়েছে। তবে ১০ সেপ্টেম্বরের পর থেকে আগের ভাড়ায় যাত্রী পরিবহন করব আমরা।’

ঈদের পর লঞ্চগুলোতে তেমন ভিড় না থাকলেও গতকাল থেকে ভিড় বেড়েছে। গতকাল আমতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি হাসান-হোসেন লঞ্চটি নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে বেলা দুইটায় অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে বরগুনা থেকে ছেড়ে যাওয়া এমভি পূবালী-১ লঞ্চটির ধারণক্ষমতা ৬৪৪ হলেও গতকাল বিকেলে অন্তত দেড় হাজার যাত্রী নিয়ে লঞ্চটি বরগুনা নৌবন্দর ত্যাগ করে। লঞ্চটির পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ‘ঈদের সময় যাত্রীর চাপ বেশি তো হবেই। যাত্রীরা লঞ্চে উঠলে আমরা কী করব।’

বরগুনা নৌবন্দরের বন্দর কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, ‘অতিরিক্ত যাত্রী পরিবহন ও ভাড়া বৃদ্ধির ব্যাপারে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি, কিন্তু স্থানীয় কিছু সমস্যার কারণে বিষয়টি সম্পর্কে আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি না। তবে আমি যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি।’

বিআইডব্লিউটিএর বরিশাল আঞ্চলিক কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা গতকাল বলেন, ‘লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন না করতে পারে, সে জন্য বরিশাল নৌবন্দরে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আমাদের ব্যাপক নজরদারি আছে।’ অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘ঈদের সময় অতিরিক্ত যে ভাড়া আদায় করা হয়, তা সরকারের নির্ধারিত ভাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই নেওয়া হচ্ছে কি না, আমরা এটাও নজরে রাখছি।’