অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: নৌমন্ত্রী

ঈদের সময় লঞ্চ, জাহাজ, স্টিমারে ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে না চলাচলের আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ বুধবার সকালে ভোলা-লক্ষ্মীপুর নৌপথের ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নৌমন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদে সরকারি নৌযানগুলো ডাবল ট্রিপ দেবে। সরকারি নৌযান অনেক আধুনিক। জাহাজের মধ্যে লিফট রয়েছে। রয়েছে ওয়াইফাই। এ ছাড়া সব ধরনের ডিজিটাল ব্যবস্থাপনা রয়েছে। ঈদে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী না ওঠানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ঘাটগুলোতে ম্যাজিস্ট্রেট থাকবে। যাতে করে ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনো জাহাজে যাত্রী না তোলা হয়। লঞ্চের ছাদে কোনো যাত্রী ওঠানো যাবে না। বাড়তি ভাড়া নেওয়া শাস্তি ভোগ করতে হবে।
শাজাহান খান বলেন, আগের তুলনায় সরকার জাহাজ বাড়িয়েছেন। আগামী বছর আরও চারটি অত্যাধুনিক জাহাজ বরিশাল-চট্টগ্রাম নৌ রুটে চালু হবে ।
মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জ্ঞানরঞ্জন শীল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফউদ্দিন শাহিন, বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।