অতিরিক্ত ভাড়া নিলে চালক ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে পরিবহনচালক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অতিরিক্ত বাস ভাড়া আদায় প্রতিরোধে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় কোন পলিটিক্স নিয়ন্ত্রণ করে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি যে গাড়িকে দেখব নিয়ম ভঙ্গ করছে, যে চালক ও যে মালিক নিয়ম ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সরকারের নিয়ম অনুযায়ী ভাড়া বাড়ার কথা দুই টাকা। আগে যে ভাড়া ছিল ৩৫ টাকা, এখন তা দুই টাকা বেড়ে হবে ৩৭ টাকা। এটা ৩৮ কেন হবে? ৩৮ টাকা যে নেবে, সে যে-ই হোক, রাজনীতিকও হোক, আমি দেখব। মালিক ও চালক আমি উভয়কে শাস্তির মুখোমুখি করব।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দুর্নীতি সম্পর্কে মন্ত্রী বলেন, সরিষার মধ্যেও ভূত আছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের যেখানেই বদলি করা হয়, সেখানেই তাঁরা দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা হাকিম মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুর রহমান, বিআরটিএর উপপরিচালক আবদুল কুদ্দুস প্রমুখ।