একদিকে পরিবহনসংকট, অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায়—এ দুয়ের চাপে পড়ে নাস্তানাবুদ হচ্ছে ঢাকা ফেরত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচায় এসে তারা শিকার হচ্ছে নানা দুর্ভোগের।গতকাল শনিবার সরেজমিনে পাটুরিয়া ও আরিচা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের এ দুর্ভোগের চিত্র দেখা গেছে। ঈদ উপলক্ষে লোকাল বাসের পাশাপাশি অন্য রুটেরও বিভিন্ন পরিবহনের বাসে করে যাত্রী আনা-নেওয়া চলছে। দৌলতদিয়া থেকে লঞ্চে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে আসা যাত্রীরা নির্ধারিত ভাড়ার দ্বিগুণ দিয়ে বাসে উঠে ঢাকার দিকে ছুটছে। আসন না পেয়ে অনেকে দাঁড়িয়ে এমনকি বাসের ছাদে চড়ে ঝুঁকি নিয়ে রওনা দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে ঈদের ছুটি শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঢাকার দিকে ছুটতে থাকে। শুক্রবার থেকে পাটুরিয়া ও আরিচায় মানুষের চাপ বেড়ে যায়। পরিবার-পরিজন নিয়ে তারা ভিড় জমায় আরিচা বাসস্ট্যান্ড ও পাটুরিয়া ফেরিঘাটে। ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া সড়কে বিআরটিসি, যাত্রীসেবা, পদ্মা লাইন ও নবীনবরণ পরিবহনের লোকাল বাসের পাশাপাশি অন্য রুটের বাসও যাত্রী পরিবহন করছে। কিন্তু যাত্রীর তুলনায় পরিবহনস্বল্পতার কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এ সুযোগ কাজে লাগিয়ে পরিবহন মালিকেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ টাকা আদায় করছেন। তবে বিআরটিসি বাসে নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটুরিয়া-গাবতলী ও আরিচা-গাবতলী লোকাল বাসের ভাড়া ৯০ টাকা। অথচ যাত্রীদের কাছ থেকে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বিআরটিসির ভাড়া না বাড়লেও এসব বাসে ঢাকার ছাড়া কোনো যাত্রী তোলা হচ্ছে না। ফলে পিকআপ ভ্যান, ম্যাক্সি (হিউম্যান হলার) ও টেম্পোতে করে দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে মানিকগঞ্জ, নবীনগর ও সাভারের যাত্রীরা গন্তব্যে যাচ্ছে। এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী এনায়েত হোসেন টিপু বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শুক্রবার কয়েকজন বাসচালক ও সহকারীকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি আবার খোঁজখবর নেওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’