অতিরিক্ত ভূমি অধিগ্রহণ না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখাউড়া-আগরতলা রেললাইন স্থাপন ও আখাউড়া-লাকসাম রেলপথে দ্বিতীয় (ডাবল) রেললাইন নির্মাণ করতে আখাউড়ায় প্রয়োজনের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ না করার দাবি জানানো হয়েছে। উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা, দুটি বাজার ও প্রায় ৯০০ বছরের পুরোনো একটি মন্দির পরিচালনা কমিটি যৌথভাবে এই দাবি জানায়। ওই দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রামবাসী আখাউড়া রেলস্টেশন এলাকায় মানববন্ধন ও মিছিল করেন। পরে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আখাউড়া রেলজংশনের সহকারী নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে রেলমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। আখাউড়া জংশনের পূর্ত বিভাগ জানায়, আখাউড়া-আগরতলা রেললাইন স্থাপন ও আখাউড়া-লাকসাম দ্বিতীয় রেলপথ নির্মাণ করতে রেলওয়ে সম্প্রতি রেলপথের দুই পাশের জমি অধিগ্রহণের জন্য মাপজোক ও সীমানা চিহ্নিত করে। রেলওয়ের একটি প্রকল্প থেকে এই কাজটি করা হচ্ছে। আখাউড়ার রাধানগর, চন্দনসার, দেবগ্রাম, বড় বাজার, লাল বাজার, মোগড়া বাজার ও মোগড়া দশভুজা মন্দির পরিচালনা কমিটির লোকজনের স্বাক্ষর করা স্মারকলিপিতে বলা হয়েছে, দ্বিতীয় রেলপথ নির্মাণে তাঁদের কোনো আপত্তি নেই। আখাউড়া জংশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের মূল লাইনের বাইরে পূর্ব ও পশ্চিম পাশে আরও তিনটি রেলপথ রয়েছে। ওই পথের দুই পাশে রেলওয়ের নিজস্ব ভূমি আছে। এর বাইরেও রেলওয়ে রেলপথের দুই পাশে আরও ২০০ ফুট জায়গা অধিগ্রহণের জন্য লাল কালি দিয়ে দাগ দিয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, রেলওয়ে জমি অধিগ্রহণের যে পরিকল্পনা নিয়েছে, তাতে আখাউড়ার তিনটি খাদ্য গুদাম, ৯০০ বছরের ঐতিহাসিক মন্দির, ব্রিটিশ ঐতিহ্যের বাংলো, মসজিদ ভেঙে ফেলতে হবে এবং গ্রামগুলোর কয়েক শ পরিবার ঘরবাড়ি হারাবে। চন্দনসার গ্রামের বাসিন্দা জহর লাল সাহা প্রথম আলোকে বলেন, রেলওয়ে ভূমি অধিগ্রহণের যে পরিকল্পনা নিয়েছে, তা বিলাসিতা। প্রয়োজনের অতিরিক্ত জায়গা অধিগ্রহণ করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। জমি অধিগ্রহণের বিষয়ে জানতে চাইলে আখাউড়া রেলজংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘রেলওয়ের ঢাকার একটি প্রকল্প থেকে দ্বিতীয় রেলপথ নির্মাণের পরিকল্পনা আছে। তবে জমি অধিগ্রহণের বিষয়ে আমাদের কাছে কোনো চিঠি আসেনি।’