অতিরিক্ত মাত্রায় আগাছানাশক প্রয়োগে কৃষকের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাকেটের গায়ে একরকম ব্যবহারবিধি। আর লিফলেটে অন্য রকম। ওই লিফলেট না দেওয়ায় অতিরিক্ত মাত্রায় বোরোখেতে আগাছানাশক ছিটিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জের কৃষকেরা। শুধু তারাগঞ্জ এলাকায় ১৬ একর জমির ধানের চারা রোপণের দেড় মাস পরেও আর বাড়েনি।

এ ঘটনায় তারাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে আগাছানাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অবহেলায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান তদন্ত প্রতিবেদনটি উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসএএম এগ্রো কেমিক্যাল কোম্পানির আগাছানাশক অরনেট ২০ ডব্লিউ ডিজির (১০ গ্রাম) প্যাকেটের গায়ে ব্যবহারবিধিতে ৩৩ শতক জমিতে ১১ গ্রাম পাউডার প্রয়োগের কথা লেখা রয়েছে। আবার লিফলেটে ৫০ শতকে ১০ গ্রাম পাউডার প্রয়োগ করার কথা লেখা রয়েছে। কিন্তু ওই আগাছানাশক কেনার সময় কৃষকদের লিফলেট দেওয়া হয়নি। এ কারণে প্যাকেটে থাকা ব্যবহারবিধি অনুযায়ী আগাছানাশক প্রয়োগ করায় সমস্যা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগাছানাশক অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করায় তারাগঞ্জ উপজেলায় কৃষকের অন্তত ১৬ একর জমির ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওই কোম্পানির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ারও সুপারিশ করা হলো।
জানতে চাইলে তিন সদস্যের ওই তদন্ত কমিটির প্রধান রাকিবুজ্জামান মুঠোফোনে বলেন, প্যাকেটের ওপরে দেওয়া ব্যবহারবিধি মোতাবেক অতিরিক্ত মাত্রায় ওই আগাছানাশক কৃষকেরা জমিতে প্রয়োগ করায় ধানের ফলন না হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, ধানের চারা যেভাবে রোপণ করা হয়েছে, দেড় মাসেও তা জমিতে অনুরূপ রয়েছে। গাছ মোটেই বাড়েনি। এটা কৃষকের ভুল নয়, ভুল হচ্ছে ওই কোম্পানির।
এসএএম এগ্রো কেমিক্যাল কোম্পানির অরনেট ২০ ডব্লিউ ডিজির রংপুর বিপণন এলাকার ব্যবস্থাপক প্রদীপ কুমার রায় বলেন, ‘প্যাকেটের ওপরে ৩৩ শতক জমিতে ১১ গ্রাম অরনেট পাউডার প্রয়োগের কথা ভুলভাবে লেখা ছিল। এ কারণে পরিবেশকদের আমরা লিফলেট দিয়ে তাতে সঠিক মাত্রা ব্যবহারের কথা বলেছি। কিন্তু তাঁরা কৃষকদের মাঝে তা সরবরাহ না করায় সমস্যা হয়েছে।’
বদরগঞ্জ উপজেলার দামোদরপুরের পোর্দ্দারপাড়া গ্রামে পাঁচজন কৃষকের ছয় একর উফশী ধানে ওই আগাছানাশক প্রয়োগ করা হয়েছিল। দেড় মাসেও ওই সব জমির চারা আর বাড়েনি বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন আবদুর রহিম, রফিকুল ইসলাম, শাহাজান আলী, আলম হোসেন ও ইদ্রিস আলী। এ ছাড়া লালদীঘি এলাকায় আরও আট একর জমির ধান একই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বদরগঞ্জ উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘বদরগঞ্জ উপজেলায় ওই আগাছানাশক প্রয়োগে কৃষকের ক্ষতি হয়েছে কি না, তা আমরা তদন্ত করছি।’
গত রোববার প্রথম আলোর বিশাল বাংলায় ‘জমিতে আগাছানাশক দিয়ে বিপাকে কৃষক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।