ঢাকা-আরিচা মহাসড়কের ওজন স্কেল (পরিমাপ যন্ত্র) এড়াতে অতিরিক্ত মালবাহী যানগুলো মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। এতে সড়কের বেশ কয়েকটি স্থান দেবে গেছে। কোনো কোনো জায়গায় ফাটল দেখা দিয়েছে।
জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্দেশনা অনুযায়ী, ওই সড়কে চলাচলকারী যানে ৫ টনের অধিক মালামাল বহন নিষিদ্ধ। কিন্তু রাতে যানবাহনে নির্ধারিত ওজনের চেয়ে অনেক বেশি মালামাল পরিবহন করা হচ্ছে। রাতে যানবাহনে অতিরিক্ত মালামাল পরিবহন বন্ধে টহল দেয় পুলিশ। বেশ কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকা ও গাজীপুরসহ এর আশপাশের এলাকায় মালামাল পরিবহন করা হয় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে। মহাসড়কের ঢাকার ধামরাই উপজেলার বাথুলি এলাকায় আছে ওজন স্কেল (পরিমাপ যন্ত্র)। ট্রাক, পিকআপ বা কাভার্ড ভ্যানে অতিরিক্ত মালামাল পরিবহন করা হলে সংশ্লিষ্ট যানকে এখানে দুই থেকে তিন হাজার টাকা জরিমানা দিতে হয়। জরিমানা এড়াতে প্রায় এক মাস ধরে রাতে যানগুলো মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর সড়ক ব্যবহার করছে।
শুক্রবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত আঞ্চলিক এ সড়কের সদর উপজেলার বেতিলা তিন রাস্তার মোড়, পালড়া ও কেওয়ারজানি এলাকায় অবস্থান করে দেখা যায়, এ সময়ে অন্তত ৩০টি ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান অতিরিক্ত মালামাল বহন করেছে।
রাত পৌনে ১টার দিকে কেওয়ারজানি এলাকায় অতিরিক্ত মালামাল বহনকারী হেমায়েতপুরগামী একটি ট্রাক থামিয়ে চালকের সঙ্গে কথা বলতে দেখা যায় সদর থানার এসআই নূরুল ইসলামকে। কিছুক্ষণ পর চালক সোহাগ মিয়ার সঙ্গে কথা হলে তিনি প্রথম আলোকে বলেন, ট্রাক নিয়ে এ সড়কে চলাচলের অনুমতির জন্য দর-কষাকষি হচ্ছিল এএসআইয়ের সঙ্গে। সাংবাদিকের উপস্থিতি জানতে পেরে বিষয়টি এড়িয়ে যান এসআই নূরুল। এরপর ট্রাকটি উল্টো পথে ফিরিয়ে দেওয়া হয়। এর পরপরই কেওয়ারজানিতে ঢাকা থেকে ফরিদপুর ও যশোরগামী অতিরিক্ত রডবোঝাই দুটি ট্রাক আটক করে পুলিশ। ট্রাক দুটির মালিকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তবে দর-কষাকষির অভিযোগ অস্বীকার করেন এএসআই নূরুল।
সদর উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক বলেন, কয়েক দিন আগে রাতে পুলিশ অতিরিক্ত মালবোঝাই গাড়ি আটক করে পালড়া মাঠে রাখে। পরে টাকা নিয়ে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, যান থেকে টাকা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গত পাঁচ দিনে অতিরিক্ত মালামাল পরিবহনের অভিযোগে ২২টি গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ফরিদপুরগামী একটি ট্রাকের চালক মো. নয়ন ও যশোরগামী আরেকটি ট্রাকের চালক সিরাজুল ইসলাম গতকাল রোববার দুপুরে মুঠোফোনে বলেন, প্রতিটি ট্রাকে ১৮ মেট্রিক টন করে রড আছে। ওজন স্কেলের জরিমানা এড়াতে তাঁরা আঞ্চলিক সড়ক হয়ে চলাচল করেন।
সরেজমিনে দেখা গেছে, আঞ্চলিক সড়কটির কেওয়ারজানি থেকে ভাড়াই-ভিকরা পর্যন্ত বিভিন্ন স্থান দেবে গেছে। দেবে যাওয়া অংশে বালুর বস্তা ফেলা হয়েছে।
জেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী গাউস-উল-আজম বলেন, জেলা সদরের নয়াকান্দি ও সিঙ্গাইরের ধল্লা এলাকায় ৫ টনের বেশি মালামাল বহনে নিষেধাজ্ঞা–সংবলিত সাইনবোর্ড টাঙানো হয়েছে। ট্রাকের চালকেরা তা মানছেন না।
সওজের নির্বাহী প্রকৌশলী মো. মহিবুল হক বলেন, অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, সড়কে অতিরিক্ত মালামাল পরিবহন বন্ধে থানা-পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে।