মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে ছোলা আমদানি এক বছর ধরে বন্ধ থাকায় স্থানীয় ক্রেতাদের তা চড়া দামে কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, স্থলবন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত হারে মাশুল আদায়ের কারণে তাঁরা ছোলা আমদানি বন্ধ করে দিয়েছেন। এদিকে, সরকারি বিধি মোতাবেক মাশুল আদায়ের দাবি করে রমজান মাস সামনে রেখে ব্যবসায়ীদের আবার ছোলা আমদানির পরামর্শ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।স্থানীয় শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে রমজান মাসের বর্ধিত চাহিদার কথা বিবেচনা করে টেকনাফের ব্যবসায়ীরা সীমান্ত-বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে ছোলা আমদানি শুরু করেন। এরই আওতায় ২০০৬-০৭ অর্থবছরে তিন হাজার ৩১৪ মেট্রিক টন, ২০০৭-০৮ অর্থবছরে সাত হাজার ৭৮৯ মেট্রিক টন, ২০০৮-০৯ অর্থবছরে ১৫ হাজার ৩১৩ মেট্রিক টন এবং ২০০৯-১০ অর্থবছরে এক হাজার ২৮৮ মেট্রিক টন ছোলা আমদানি করা হয়। ২০১০-১১ অর্থবছরে আমদানি বন্ধ ছিল। ২০১১-১২ অর্থবছরের প্রথম সপ্তাহের ২ ও ৫ জুলাই মেসার্স নাছরিন এন্টারপ্রাইজ ও ছামিয়া এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান দুই হাজার ১৪৭ মেট্রিক টন ছোলা আমদানি করার পর ২০১১-১২ অর্থবছর শেষ হয়ে গেলেও মিয়ানমার থেকে কোনো ব্যবসায়ী ছোলা আমদানি করেননি। টেকনাফ স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক জানান, মিয়ানমার থেকে ৫০ কেজির প্রতি বস্তা ছোলা জাহাজ ভাড়াসহ টেকনাফ স্থলবন্দরে আসা পর্যন্ত তিন হাজার ৮০ টাকা খরচ হতো। স্থলবন্দরে কর আদায়ের নিয়ম না থাকলেও কর্তৃপক্ষ বস্তাপ্রতি ৫০ টাকা করে আদায় করত। ছোলা লোড-আনলোড শ্রমিক বাবদ বস্তাপ্রতি ২০ টাকার স্থলে ৭০ টাকা দিতে হতো বন্দর কর্তৃপক্ষকে। কিন্তু ওই সময় প্রতি বস্তা ছোলা তিন হাজার ২০০ টাকায় বিক্রি করা হতো। ব্যবসায় লাভ না পাওয়ায় তাই দীর্ঘদিন ধরে ছোলা আমদানি বন্ধ রাখা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, স্থলবন্দর কর্তৃপক্ষ শ্রমিক চার্জ, হ্যান্ডলিং চার্জ, নাইট চার্জসহ বিভিন্ন অজুহাতে অতিরিক্ত হারে মাশুল আদায়ের কারণে এক বছর ধরে ছোলা আমদানি বন্ধ রাখা হয়েছে।ছোলা আমদানিকারক সাইফুল করিম প্রথম আলোকে বলেন, রমজান সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে এলসির মাধ্যমে অল্প পরিমাণ ছোলা আসছে। সরেজমিনে স্থানীয় হাটবাজার ঘুরে দেখা গেছে, টেকনাফ বড় বাজার ও বাসস্টেশন বাজারে ছোলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫-৮৮ টাকা। রমজান যতই ঘনিয়ে আসছে, ততই ছোলার দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অথচ এক সপ্তাহ আগেই বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০-৬৫ টাকা। বেশি দামে ছোলা বিক্রির কারণ জানতে চাইলে টেকনাফ বড় বাজারের কালা মিয়া সওদাগর, আবুল হোসেন ও বাসস্টেশন বাজারের আবদুল মালেক বলেন, ‘গত কয়েক বছর আমরা টেকনাফ স্থলবন্দর থেকে ছোলা কিনে স্থানীয় বাজারে বিক্রি করেছি। এক বছর ধরে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে ছোলা আমদানি বন্ধ থাকায় চট্টগ্রাম খাতুনগঞ্জ থেকে অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে ছোলা আনতে গিয়ে স্থানীয় বাজারে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’ তাঁরা আরও বলেন, ‘টেকনাফ স্থলবন্দর দিয়ে ছোলা আমদানি শুরু হলে স্থানীয় বাজারে দাম কমে যাবে। কারণ, আমাদের অতিরিক্ত গাড়িভাড়া দিতে হবে না।’টেকনাফ বন্দরের ব্যবস্থাপক (অপারেশন) আবু নূর খালিদ বলেন, ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মোটেও সঠিক নয়। সরকারি বিধি মোতাবেক গুদামভাড়া ও শ্রমিক চার্জ আদায় করা হচ্ছে। এদিকে, ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তাঁরা বন্দর কর্তৃপক্ষকে একটি ট্রাক লোড করার ক্ষেত্রে বস্তাপ্রতি ২০ পয়সা নেওয়ার কথা। কিন্তু তারা নিচ্ছে ৫০ পয়সা। বন্দরের শুল্ক কর্মকর্তা কাজী আবুল হোসাইন প্রথম আলোকে বলেন, রমজান উপলক্ষে মিয়ানমার থেকে ছোলা আমদানি আবার শুরু করা হলে প্রতিবারের মতো কাস্টমস কর্তৃপক্ষ সহযোগিতা করবে। তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীদের মিয়ানমার থেকে ছোলা আমদানির পরামর্শ দেওয়া হচ্ছে।