চট্টগ্রামে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের খাসকামরায় সুপ্রিম কোর্টের নির্দেশে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই আদালতের নতুন বিচারক যোগ না দেওয়া পর্যন্ত তালা খোলা যাবে না বলে জানা গেছে। এ কারণে পদত্যাগকারী অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমান গতকাল মঙ্গলবার তাঁর পুরোনো খাসকামরায় ঢুকতে পারেননি।একই আদালতের জ্যেষ্ঠ বিচারক এ বি এম নিজামুল হকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ১৮ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেন আবদুর রহমান। ওই দিন তাঁর বদলির আদেশ আসে। একই দিন নিজামুল হকেরও বদলির আদেশ আসে। পরদিন ১৯ সেপ্টেম্বর আবদুর রহমানের দায়িত্ব হস্তান্তরের কথা ছিল। আগের দিন ১৮ সেপ্টেম্বর পদত্যাগপত্র জমা দেওয়ায় তিনি ১৯ সেপ্টেম্বর আর দায়িত্ব বুঝিয়ে দেননি। আর ২০ সেপ্টেম্বর একজন হাকিমের কাছে দায়িত্ব বুঝিয়ে চট্টগ্রাম থেকে চলে যান নিজামুল হক। আবদুর রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি (আবদুর রহমান) গতকাল আদালত ভবনের নিজের সাবেক খাসকামরায় যাওয়ার চেষ্টা করেন। ওই কামরায় তাঁর সনদ, নথিপত্র ও গাউন রয়ে গেছে। কিন্তু আদালতের কর্মচারীরা তাঁকে ঢুকতে দেননি। পরে তিনি অন্য হাকিমদের সঙ্গে কথা বলে ভেতরে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে কি না, জানতে চান। এ সময় ওই হাকিম জ্যেষ্ঠ বিচারকের উদ্ধৃতি দিয়ে বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে তালা ঝোলানো হয়েছে। ওই তালা খোলার এখতিয়ার তাঁদের নেই।আবদুর রহমানের ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, আজ বুধবারও তিনি ওই খাসকামরায় যাওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাইবেন। কারণ, তাঁর ব্যক্তিগত জিনিসপত্রগুলো খুব প্রয়োজন।সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমান ১৯ সেপ্টেম্বর দায়িত্ব না বুঝিয়ে দিয়ে আগের দিন পদত্যাগপত্র জমা দেন। ১৯ সেপ্টেম্বর তিনি আদালতে উপস্থিত হননি। এ কারণে তাঁকে অননুমোদিত অনুপস্থিত দেখানো হয়। বিষয়টি সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে পাঠানো হয়। ফলে আবদুর রহমানের ভাগ্যের বিষয়টি সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ বিচারক আবদুর রহমানকে খাসকামরায় ঢুকতে না দেওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেন, ‘আবদুর রহমানকে চট্টগ্রামের আদালতে বহাল রাখার জন্য আমরা চট্টগ্রাম আইনজীবী সমিতির সর্বসম্মত সিদ্ধান্তের চিঠি সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বদলির আদেশ স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিচারক আবদুর রহমানকে চট্টগ্রামেই রেখে দেবেন বলে আমরা আশাবাদী।’