অতিরিক্ত যাত্রী ও পণ্য নিয়ে চলে লঞ্চগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-শরীয়তপুর নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীর পাশাপাশি বিপুল পরিমাণে পণ্যসামগ্রী পরিবহন করা হয়৷ নৌপথে যাত্রী ও পণ্য পরিবহন তদারকির জন্য শরীয়তপুরে সংশ্লিষ্ট বিভাগগুলোর কোনো কার্যালয় ও কর্মকাণ্ড নেই৷ এ সুযোগে লঞ্চমালিকেরা নিয়মনীতি উপেক্ষা করে নৌযানগুলো পরিচালনা করছেন৷ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও পণ্য ওঠানোয় বারবার দুর্ঘটনায় বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনা ঘটছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে, ভৌগোলিক অবস্থানগত কারণে শরীয়তপুরের বেশির ভাগ মানুষ নৌপথে রাজধানীতে যাতায়াত করে৷ জেলার নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন ঘাট থেকে প্রতিদিন ২০টি লঞ্চ চলাচল করে৷ এসব লঞ্চের যাত্রী ধারণক্ষমতা রয়েছে ১০০ থেকে ২০০ জন৷
বিভিন্ন সময় সরেজমিনে দেখা গেছে, লঞ্চগুলোতে ৩০০ থেকে পাঁচ শতাধিক যাত্রী পরিবহন করা হচ্ছে৷ লঞ্চে পণ্য পরিবহনে খরচ কম হওয়ায় যাত্রীর পাশাপাশি বিপুল পরিমাণ পণ্যসামগ্রীও ওঠানো হয়৷ ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী ও পণ্য নিয়ে লঞ্চগুলো যাত্রা শুরু করে৷ এসব লঞ্চে প্রয়োজনীয় সংখ্যক বয়া ও লাইফ জ্যাকেট রাখা হয় না৷ জেলা ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে কখনোই কোনো পদক্ষেপ নেয়নি৷
গত বৃহস্পতিবার ঝড়ের কবলে পড়ে গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রামের কাছে এ নৌপথের মিরাজ-৪ লঞ্চটি ডুবে যায়৷ এ পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৫৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ এখনো অসংখ্য লোক নিখোঁজ রয়েছে৷ লঞ্চটির ধারণক্ষমতা দিনের বেলা ২০২ জন ও রাতের বেলা ১০২ জন৷ তিন শতাধিক যাত্রী ও বিপুল পরিমাণ পণ্যসামগ্রী নিয়ে লঞ্চটি ডুবে যায় বলে অভিযোগ রয়েছে৷
২০১২ সালের ১২ মার্চ রাতে ঢাকা-শরীয়তপুর নৌপথের শরীয়তপুর-১ লঞ্চটি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চরযাত্রা এলাকায় একটি কার্গোর ধাক্কায় ডুবে যায়৷ ওই লঞ্চটিতে তিন শতাধিক যাত্রী ও ৩৫০ বস্তা কাঁচা মরিচ ছিল৷ ওই দুর্ঘটনায় ১৫৪ জনের লাশ উদ্ধার করা হয়৷ লঞ্চটির যাত্রী ধারণক্ষমতা ছিল ১৫০ জন৷ নড়িয়া উপজেলার হালইসার গ্রামের দেলোয়ার হোসেন বলেন, ‘আমি ওই লঞ্চে ছিলাম৷ দুর্ঘটনার পর ঢাকাগামী আরেকটি লঞ্চের সহায়তায় প্রাণ বাঁচাতে সক্ষম হই৷ তখন লঞ্চটিতে অতিরিক্ত পণ্য ও যাত্রীবোঝাই ছিল৷ লঞ্চের পণ্য ওঠানো নিয়ে আমরা এলাকার মানুষ অনেক বাধা দিয়েছি৷ কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ প্রভাবশালী হওয়ায় আমাদের বাধা কোনো কাজে আসেনি৷ নিয়মিত অতিরিক্ত পণ্য ও যাত্রী বোঝাই করে শরীয়তপুরের লঞ্চগুলো চলাচল করে৷’
তবে ঢাকা-নড়িয়া নৌপথে চলাচলকারী আদর লঞ্চের মালিক মন্টু শেখ দাবি করেন, তাঁরা নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়মনীতি মেনে লঞ্চ চালান৷ তাঁদের লঞ্চে কখনোই অতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই করা হয় না৷
পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনা এড়ানোর জন্য লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী ও কোনো পণ্য বোঝাই করতে না পারে, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে৷ লঞ্চঘাটগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হবে৷ জেলা প্রশাসক রামচন্দ্র দাস বলেন, লঞ্চগুলো যাতে নিয়মনীতির মধ্যে চলাচল করে, এ বিষয়টি এখন থেকে জেলা প্রশাসন নিশ্চিত করবে৷