অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে বাস

খুলনা থেকে পাইকগাছা ও সাতক্ষীরাগামী বাসগুলো নিয়মিত অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। বাসের ছাদে যাত্রী নেওয়ার কোনো নিয়ম না থাকলেও এর তোয়াক্কা করছে না ওই সব রুটের বাসগুলো। তা ছাড়া বাসের ভেতরেও এমনভাবে যাত্রী নেওয়া হচ্ছে যে তারা নড়াচড়া করতে পারে না।
ওই রুটগুলোতে বাসে যাত্রীদের এমন ভোগান্তি দীর্ঘদিনের। কিন্তু এ ব্যাপারে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন একেবারেই নীরব। যাত্রীদের এভাবে হয়রানি করার অপরাধে কিছুদিন আগে ভ্রাম্যমাণ আদালত কয়েকটি বাসের চালককে জরিমানা করেন। কিন্তু তা ওই পর্যন্তই।
বাসগুলো খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাত্রী নেওয়ার জন্য নগরের গল্লামারী এলাকায় এসে ১৫-২০ মিনিট অপেক্ষা করে। এরপর সেখান থেকে মাত্র দুই কিলোমিটার দূরে জিরো পয়েন্ট এলাকায় এসে আরও ১৫-২০ মিনিট অপেক্ষা করে। এ সময়ের মধ্যে বাসের ছাদে ও ভেতরে যাত্রী ভরে যায়।
খুলনা নগরের জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দেখা যায়, যেসব বাস পাইকগাছা ও সাতক্ষীরার দিকে ছেড়ে যাচ্ছে তার প্রতিটির ছাদে ভরা রয়েছে যাত্রী। আর ভেতরে এমনভাবে গাদাগাদি করে যাত্রী তোলা হয়েছে যে যাত্রীরা নড়াচড়াও করতে পারছে না। একই অবস্থা দেখা গেল পাইকগাছা ও সাতক্ষীরা থেকে খুলনায় আসা বাসগুলোরও।
নাম প্রকাশ না করার শর্তে খুলনা থেকে পাইকগাছাগামী বাসের একজন চালক বলেন, যারা ছাদে যাতায়াত করে, তাদের বেশির ভাগই দিনমজুর। তাই তারা টাকা কম দিতে চায়। এ কারণে তাদের ছাদে তোলা হয়।’
খুলনা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান বলেন, মালিক সমিতি থেকে বারবার চেষ্টা করার পরও বাসের ছাদে যাত্রী ওঠা থামানো যাচ্ছে না। কারণ সকালে দূরদূরান্ত থেকে যেসব দিনমজুর আসেন, তাঁরা যাওয়ার সময় কম ভাড়া দিয়ে ছাদে যেতে চান। বারবার নিষেধ করার পরও তাঁরা নামতে চান না। মালিক সমিতি থেকে মাঝেমধ্যে চেকপোস্ট বসিয়ে ছাদে যাত্রী নেওয়া বাসগুলোকে জরিমানা করা হয়, কিন্তু তাঁতেও কাজ হচ্ছে না।