থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী জাহাজে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন ও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেশ কয়েকজন পর্যটক বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলরত জাহাজের মালিকেরা জনপ্রতি (আসা-যাওয়া) ভাড়া ৫৫০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। অথচ গত অক্টোবরে এ নৌপথে চলাচলকারী জাহাজের ভাড়া ৪৫০ থেকে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে প্রতিদিন ছয়টি জাহাজ চলাচল করে। জাহাজগুলোর ধারণক্ষমতা ২০০ থেকে ৩৫০ জন। এখন জাহাজগুলোতে ৪০০ থেকে ১ হাজার যাত্রী ওঠানো হচ্ছে।
এলসিটি কাজলের টেকনাফের ব্যবস্থাপক মো. তাহের ও এলসিটি কুতুবদিয়ার মো. আজিজ বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে বেড়াতে আসা পর্যটকের উপচেপড়া ভিড় সামাল দিতে ধারণক্ষমতার সামান্য বেশি কিছু পর্যটক বহন করা হয়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, দৈনিক ৯ হাজার থেকে ১২ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে আসছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, অতিরিক্ত যাত্রী বহনকারী জাহাজ-গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।