অতিরিক্ত যাত্রী বহনের কারণেই দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মায় লঞ্চডুবির নয় দিনের মাথায় আইনের তোয়াক্কা না করেই আবার শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ লঞ্চ চলাচল। অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লঞ্চ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
পদ্মায় লঞ্চডুবির নয় দিনের মাথায় আইনের তোয়াক্কা না করেই আবার শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ লঞ্চ চলাচল। অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে লঞ্চ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

বড় মেয়ে নুসরাত জাহান বেসরকারি একটি মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ছোট মেয়ে ফাতেমা স্বর্ণা জিপিএ-৫ নিয়ে এসএসসি পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছিল ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে।
এই দুই মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল নুরুল হক-মাকসুদা দম্পতির। কিন্তু মাওয়ায় লঞ্চডুবি কেড়ে নিয়েছে দুজনেরই প্রাণ। বড় মেয়ের লাশ পেলেও ছোট মেয়ের লাশ পাননি। তাঁদের সঙ্গে থাকা খালাতো বোন মেডিকেলের আরেক ছাত্রী জান্নাতুল নাঈমের লাশও মেলেনি।
গতকাল সকালে মাদারীপুর উপজেলার শিবচর পৌরসভা এলাকার বাড়িতে গিয়ে কথা হয় শোকে মুহ্যমান নুরুল হক-মাকসুদা বেগমের সঙ্গে। নুরুল হক বলেন, ‘দুই মেয়েকে নিয়ে আমিও লঞ্চে ছিলাম। ছোট মেয়েটাকে ধরে রেখেছিলাম। কই যে হারিয়ে গেল। আজও খুঁজে পেলাম না। ঈদের ছুটিতে বাড়ি এসে চিরতরে হারিয়ে গেল।’ আহাজারি করে মাকসুদা বেগম বলেন, ‘প্রায়ই লঞ্চ ডোবে। কিন্তু কয় দিন পরেই সবাই ভুলে যায়। কিন্তু যাদের স্বজন যায়, তারা তো কোনো দিন ভুলতে পারে না। রাষ্ট্রের কাছে আমার আকুতি, অতিরিক্ত যাত্রী আর অব্যবস্থাপনায় আর যেন কোনো লঞ্চ না ডোবে। সরকার যেন কার্যকর ব্যবস্থা নেয়।’
পিনাক-৬-এ ডুবে মারা গেছেন শিবচরের পাঁচ্চর ইউনিয়নের মিজানুর রহমান, তাঁর স্ত্রী রোকসানা, আড়াই বছরের ছেলে মঈন ও নয় বছরের মেয়ে মীম। মিজানুর রহমানের বড় ভাই মোহাম্মদ কোহিনুর গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের পুরো পরিবারটাই তো শেষ হয়ে গেল। যাদের ব্যর্থতায় ফিটনেস ছাড়া লঞ্চ চলে, অতিরিক্ত যাত্রী ওঠে, তাদের কি কোনো দিন বিচার হবে? এমন মৃত্যু আমরা আর দেখতে চাই না।’
লঞ্চডুবির ঘটনায় সরকারি যে তদন্ত কমিটি গতকাল মাওয়া ও কাওড়াকান্দিতে প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাঁদের সাক্ষ্য নেন, তাঁরাও লঞ্চ দুর্ঘটনা বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ সময় সবাই দুর্ঘটনার জন্য অতিরিক্ত যাত্রী বহনকে দায়ী করেছেন। গতকাল সকাল থেকে এ সাক্ষ্য নেওয়া শুরু হয়। মাওয়া ঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ি ও কাওড়াকান্দি ঘাটে এ সাক্ষ্য গ্রহণ চলে। তদন্ত কমিটি গতকাল বেঁচে যাওয়া ১২ জন যাত্রী ও দুজন উদ্ধারকর্মীসহ মোট ১৪ জনের সাক্ষ্য নেয়।
মাওয়ায় লঞ্চডুবিতে শিবচরের আটজনসহ এখন পর্যন্ত মোট ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান মাদারীপুরের শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসাইন। এর মধ্যে ১৭টি অশনাক্ত লাশ শিবচর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। একটি লাশ এখনো দাফন হয়নি। নিহত ৪৭ জনের মধ্যে ১১টি শিশু রয়েছে। আর নিখোঁজ ৬১ জনের মধ্যে শিশু আছে ২১ জন।
১৪ বছরের মেয়ে ইফা, আট বছরের মিরাজ আর দেড় বছরের ছেলে ইব্রাহিমকে নিয়ে মোটামুটি সুখের সংসারই ছিল শিবচরের ইব্রাহিম মাতবর আর তাঁর স্ত্রী হাসি বেগমের। ঈদের পর মাদারীপুর থেকে তিন সন্তানকে নিয়ে ঢাকায় ফিরছিলেন তাদের মা হাসি বেগম। কিন্তু চোখের সামনেই তিন সন্তানকে পদ্মায় হারিয়ে যেতে দেখেছেন তিনি। মেয়ে ইফা ও ছেলে ইব্রাহিমের লাশ পেলেও মিরাজের লাশ পাননি তিনি। এক বুক বেদনা নিয়েই স্বামীর সঙ্গে গতকাল তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেন হাসি বেগম। দাবি জানান, আর কোনো বাবা-মাকে যেন এভাবে তিন সন্তানকে হারাতে না হয়।
বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী শেফালী, সাড়ে আট বছরের ছেলে আরাফ আর সাড়ে চার বছরের ছেলে এনামকে নিয়ে ফরিদপুরের সালথা থেকে ঢাকায় ফিরছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত সৈয়দ মোহাম্মদ সাদী। কিন্তু পিনাক-৬ ডুবিয়ে দিয়েছে তাঁর সব স্বপ্ন। স্ত্রী, দুই ছেলে সবাই হারিয়ে গেছে পদ্মায়। শরীয়তপুর থেকে ছোট ছেলে এনামের লাশ পেয়েছেন। কিন্তু পাগলের মতো নয় দিন ধরে লাশের সন্ধানে এদিক-ওদিক ছুটেও স্ত্রী আর বড় ছেলের লাশ পাননি। গতকাল তিনি কাওড়াকান্দি ঘাটে এসে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়ে যান।
সেখান থেকে বেরিয়ে অথই পদ্মার দিকে তাকিয়ে কথা বলেন তিনি প্রথম আলোর সঙ্গে। সৈয়দ সাদী বলেন, ‘আমি এখন বেঁচে থেকেও যেন মৃত। স্ত্রী, ছেলে সবাইকে হারিয়েছি। আমি চাই না আমার মতো করে আর কারও জীবন শেষ হয়ে যাক। তদন্ত কমিটিকে আমি বলেছি, আপনারা এবার কিছু করেন, আর যেন কেউ এভাবে স্বজনহারা না হয়’।
একইভাবে সাক্ষ্য দেওয়া আবুল কালাম, সুজন মাহমুদ, ইদ্রিস ঢালী, বিউটি আক্তার, আনিছুর রহমান, চামিলি, রাশিদা ও আফজাল হোসেন লঞ্চ দুর্ঘটনা বন্ধের দাবি জানান।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এই তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব নূর-উর রহমান সারা দিন সাক্ষ্য গ্রহণ শেষে প্রথম আলোকে বলেন, ‘বেঁচে যাওয়া যাত্রীরা যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাঁরা বলেছেন, অতিরিক্ত যাত্রীর কারণেই লঞ্চ ডুবেছে। তাঁরা তাঁদের স্বজন হারানোর বেদনার কথা বলেছেন। বলেছেন লঞ্চ ডুবে আর কারও যেন প্রাণহানি না ঘটে। আমরা তাঁদের কথা শুনেছি। আরও অনেকের সঙ্গে কথা বলব।’ এর আগেও তো তদন্ত কমিটি হয়েছে, সুপারিশ হয়েছে, কিন্তু লঞ্চ দুর্ঘটনা তো বন্ধ হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের প্রতিবেদনে লঞ্চ দুর্ঘটনার কারণ, ব্যবস্থাপনা ও কারিগরি ত্রুটি, আমাদের সুপারিশ সবকিছুই তুলে ধরব। কারণ, আমরাও আর কারও কান্না শুনতে চাই না।’