অতিরিক্ত যাত্রী, লাইফ জ্যাকেটের ব্যবহার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মায় প্রবল স্রোত আর ঢেউয়ের কারণে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। এরপর থেকেই স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এরপরেই ঘাটে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। যাত্রীদের উপচে পড়া ভিড় পড়ে ফেরিতে। বুধবার দুপুরে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট এলাকায়। ছবি: অজয় কুন্ডু
পদ্মায় প্রবল স্রোত আর ঢেউয়ের কারণে ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে যায়। এরপর থেকেই স্পিডবোট ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এরপরেই ঘাটে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। যাত্রীদের উপচে পড়া ভিড় পড়ে ফেরিতে। বুধবার দুপুরে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট এলাকায়। ছবি: অজয় কুন্ডু

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে স্পিডবোটে ধারণক্ষমতার চেয়েও অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দেওয়া হচ্ছে। যাত্রীদের লাইফ জ্যাকেট পরানোর কথা থাকলেও পদ্মা পারাপারে কোনো যাত্রীকে লাইফ জ্যাকেট দেওয়া হয় না। নৌপথে বর্ষার মৌসুমে দুর্ঘটনার আশঙ্কা সত্ত্বেও তা মানছে না স্পিডবোট কর্তৃপক্ষের কেউ। এতে প্রায় ঘটছে ‍দুর্ঘটনা। যাত্রী, ঘাটপাড়ে সংশ্লিষ্ট ব্যক্তি, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।

আজ বুধবার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ২০ জন যাত্রী নিয়ে উত্তাল পদ্মায় স্পিডবোট উল্টে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে প্রবল স্রোত আর ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই এই নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বুধবার সকালে ২০ জন যাত্রী নিয়ে শামীম এন্টারপ্রাইজের একটি স্পিডবোট মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। লৌহজং পয়েন্টে আসলে প্রবল স্রোত আর ঢেউয়ের কারণে ২০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলার ও অন্য স্পিডবোটের মাধ্যমে ১৫ জনকে জীবিত উদ্ধার করে। এঁদের মধ্যে ১০ জনকে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। পরে নৌ পুলিশ ও ঘাট কর্তৃপক্ষের তৎপরতায় নিখোঁজ থাকা পাঁচজনকে অন্য ঘাট থেকে উদ্ধার করা হয়। স্পিডবোট দুর্ঘটনার পরপরই নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীরা ভিড় করেন ফেরিতে।
গত রোববার সকালে স্পিডবোটে শিমুলিয়া ঘাট থেকে পদ্মা পাড়ি দেওয়া যাত্রী মোবারক মিয়া বলেন, ‘পদ্মায় প্রবল ঢেউ আর স্রোত। এর মধ্যে স্পিডবোট পদ্মা পাড়ি দেওয়া ঝুঁকিপূর্ণ। স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলাচল করছে। এর ফলেই স্পিডবোট উল্টে দুর্ঘটনা ঘটছে।’
প্লাবন নামে আরেক যাত্রী বলেন, ‘লাইফ জ্যাকেট যদি স্পিডবোট থাকা যাত্রীদের দেওয়া হয়, তবে বেশি যাত্রী তোলা যায় না। কারণ, লাইফ জ্যাকেট অনেকটা জায়গা নষ্ট করে। তাই চালকেরা স্পিডবোট লাইফ জ্যাকেট ব্যবহার করতে দেয় না। যাত্রীরা লাইফ জ্যাকেট চাইলে তা আবার পরতে দেয় না। হাতে ঝুলিয়ে রাখতে বলে।’
স্পিডবোট মালিক সমিতির সভাপতি ও পাঁচ্চর ইউপি চেয়ারম্যান দেলোয়ার ব্যাপারী বলেন, ‘আমরা স্পিডবোটে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তুলি না। যাত্রীদের আমরা লাইফ জ্যাকেট পরতে বলি। তাঁরাই বরং লাইফ জ্যাকেট পরেন না। চালক লাইফ জ্যাকেট দিচ্ছে না, এমন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, পদ্মার প্রবল স্রোত আর ঢেউয়ে স্পিডবোটটি উল্টে যায়। আশপাশে থাকা ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলোতে থাকা লোকজন দ্রুতগতিতে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করতে পারেন। পরে নৌ পুলিশ উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনা বড় হলেও এতে কেউ নিহত হয়নি। স্পিডবোট লাইফ জ্যাকেট ব্যবহারের বিষয় জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি যাত্রীদের বাধ্যতামূলক লাইফ জ্যাকেট ব্যবহার করে স্পিডবোটে উঠতে হবে। স্পিডবোট ঘাট কর্তৃপক্ষ ও চালকদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।’

মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ মুঠোফোনে বলেন, ‘স্পিডবোটের যাত্রীরা লাইফ জ্যাকেটের বিষয়ে আগ্রহী হন না। তবে চালক যে যাত্রীদের নিজ থেকে পরতে দেবে, তা-ও হয় না। এ বিষয়ে আমরা তৎপরতা চালাব।’