অতিরিক্ত যাত্রীর কারণে পর্যটকবাহী জাহাজকে জরিমানা
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকদের বহনকারী জাহাজ এলসিটি কাজলকে ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার সকাল নয়টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
এলসিটি কাজল জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ‘এখন পর্যটকের চাপ থাকায় একটু বেশি যাত্রী জাহাজে ওঠানো হয়েছিল। অনেকে দেশের বিভিন্ন এজেন্ট থেকে টিকিট সংগ্রহ করায় তাঁদের জাহাজে না উঠিয়ে পারা যায় না। তখন আমাদের আর করার কিছু থাকে না।’
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদ প্রথম আলোকে বলেন, এলসিটি কাজল সেন্ট মার্টিন রওনা হওয়ার আগে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী জাহাজে তুলছে, এমন খবর পেয়ে টেকনাফের দমদমিয়া জেটিঘাটে যাওয়া হয়। এরপর জাহাজে উঠানো যাত্রী গণনা করে ধারণক্ষমতার চেয়ে ১৬৬ জন যাত্রী বেশি পাওয়া যায়। তাই জাহাজ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তুষার আহমদ আরও বলেন, পর্যটকবাহী জাহাজ যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন না করে, সে জন্য মালিকপক্ষকে একাধিকবার বলা হয়েছে। তারপরও তারা নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী ওঠায়। নৌপথে চলাচলকারী সব জাহাজ কর্তৃপক্ষকে নিয়মের মধ্যে যাত্রী বহন করতে নির্দেশ দেওয়া হয়েছে।