অতিরিক্ত যান, নিয়ম না মানায় ফার্মগেটে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় যানজট নিত্যদিনের বাস্তবতা। গতকাল দুপুরে ফার্মগেট এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ঢাকায় যানজট নিত্যদিনের বাস্তবতা। গতকাল দুপুরে ফার্মগেট এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

ঢাকার সবচেয়ে বেশি যানবাহন চলাচলকারী জায়গাগুলোর অন্যতম ফার্মগেট। নিয়ম না মেনে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা-নামা করানোর ফলে যানজট তীব্র হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি) ঢাকার যানজট নিয়ে এ বছরের ২৬ জানুয়ারি একটি প্রবন্ধ প্রকাশ করে। আইজিসির প্রবন্ধে বলা হয়েছে, রাজধানীতে বিমানবন্দর, মহাখালী ও ফার্মগেটে যানবাহনের চাপ সবচেয়ে বেশি। এ জায়গাগুলোতে প্রতিদিন ৩২ হাজার ৮৬৪ যানবাহন চলাচল করে। সকাল আটটার পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে, যা রাত নয়টা পর্যন্ত চলে।
গতকাল বৃহস্পতিবার ফার্মগেটে গিয়ে দেখা যায়, যতগুলো বাসস্ট্যান্ড আছে, তার বেশির ভাগে বাস থামছে নির্দিষ্ট স্থান ছেড়ে মূল সড়কের ওপরে।
আনন্দ সিনেমা হলের সামনে বাস থামার জন্য বাস বে করা হয়েছে। কিছু বাস সেখানে থামলেও বেশির ভাগ বাস সিনেমা হলের আগে মূল সড়কে দাঁড়িয়ে যাত্রী তোলা-নামা করছে। ফলে সরাসরি চলে যাওয়ার যানগুলো পেছনে থেমে গিয়ে অনবরত হর্ন বাজাতে থাকে।
ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যেতে মোড় থেকে একটু সামনে এগিয়ে বাসস্ট্যান্ড। কিন্তু মোড় থেকে সড়কের অর্ধেকটা জুড়ে যাত্রীরা বাসের জন্য দাঁড়িয়ে থাকেন। কলেজ শিক্ষার্থী রোহান খান সড়কে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। তিনি মিরপুর যাবেন। সড়কে দাঁড়ানোর কারণ জানতে চাইলে বলেন, ‘সবাই তো দাঁড়ায়। আর ফুটপাতে দাঁড়ানোর জায়গা নাই।’ এ জায়গার ফুটপাত পুরোটাই হকারদের দখলে।
তেজগাঁও বা খামারবাড়ি থেকে ফার্মগেটের দিকে আসতে পূর্ব তেজতুরী বাজারের গলিতে ঢোকার সামনে বাস বে করা আছে। যাত্রীছাউনি আছে সেখানে। ছাউনিতে দাঁড়ানো যাত্রীর সংখ্যা কম। একটি ছাউনিতে ঝালমুড়ি ও ফুচকা বিক্রি হচ্ছে। গতকাল দুপুরে দেখা যায়, বাস বে-তে কয়েকটি ব্যক্তিগত গাড়ি রাখা। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ শাজাহান আলী বলেন, ‘এগুলো স্কুলে আসা সেই বাচ্চাদের গাড়ি। ছুটির পরে থাকে না।’ এই বাস বে-তে অল্প কিছু বাস ঢোকে। বাকি সব মূল সড়কের মোড়ের সামনে দাঁড়ায়। বাসগুলো সড়কের অনেকটা অংশজুড়ে দাঁড় করিয়ে রেখে যাত্রী তোলা-নামা করা হয়।
খামারবাড়ির সামনের পদচারী-সেতু ব্যবহার না করে লোকজন মূল সড়ক দিয়েই সড়ক পার হচ্ছেন। অনেকেই চলন্ত যানবাহনের মধ্যেই হাত তুলে দৌড় দিয়ে সড়ক পার হন। ফলে উভয় পাশের সড়কের যানগুলোকে গতি কমিয়ে দিতে হচ্ছে।
ফার্মগেটের কর্তব্যরত সার্জেন্ট আশরাফ আলী বলেন, ‘এ জায়গায় গাড়ির চাপ সব সময়ই বেশি থাকে। রাস্তায় দাঁড়ালে আমরা মামলা দিয়ে থাকি। কিন্তু মানুষের সচেতনতা প্রয়োজন।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আকতার মাহমুদ বলেন, ফার্মগেট ঢাকার প্রধান একটা সড়ক। চারদিক থেকে যানবাহন প্রবেশ করে। অল্প সময়ের জন্য একটি সিগন্যাল পড়লে বাকি সড়কের যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। তা ছাড়া এ সড়কে রাস্তার ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ যান চলাচল করে। সে কারণে যানজটের সৃষ্টি হয়।