অতিরিক্ত যানে বাড়ছে জট
একটি আদর্শ নগরে যে পরিমাণ রাস্তা থাকা দরকার, রাজশাহীতে রয়েছে তার এক-চতুর্থাংশ। অপরিকল্পিতভাবে এসব রাস্তায় চলাচল করে ২০ হাজার রিকশা ও অটোরিকশা। প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। এতে নগরে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ যানজট মোকাবিলায় হিমশিম খাচ্ছে।রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, রাজশাহীতে ছোট-বড় ৩২০ কিলোমিটার রাস্তা রয়েছে। এই রাস্তায় রিকশা, অটোরিকশা, হিউম্যান হলার ও অন্য যানবাহন চলাচল করে। এর মধ্যে সিটি করপোরেশন অনুমোদিত রিকশা রয়েছে ২০ হাজার। ইতিমধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিবন্ধন করেছে দুই হাজার ৭৫০টি। আরও এক হাজারের বেশি নিবন্ধনের অপেক্ষায় রয়েছে।নগরের প্রাণকেন্দ্র হচ্ছে সাহেববাজার। নগরের বিভিন্ন এলাকা থেকে মানুষ প্রতিদিন এখানে আসে। সকাল আটটা থেকে নগরের এই এলাকায় যেন মানুষের স্রোত নামে। সংস্কৃতিকর্মী রাশেদ আরেফিন বলেন, ইদানীং নগরের পরিবহনব্যবস্থায় যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিকশা। শুধু সিটি করপোরেশেনের লাইসেন্স নিয়ে চালকেরা ব্যাটারিচালিত রিকশা নিয়ে রাস্তায় নেমে পড়ছেন। তাঁরা ট্রাফিক সিগন্যাল বোঝেন না, তাঁদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। কোথায় পার্কিং করতে হবে, তা তাঁরা জানেন না। পরিবেশবান্ধব হলেও এই যান নগরে যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে। রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আরজাদ হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশার চার্জ করার কারণে বিদ্যুতের ওপরও চাপ বাড়ছে। নগরের ব্যাটারিচালিত রিকশামালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যাম প্রামাণিক বলেন, প্রতিদিন নগরে প্রায় ৩০টি করে ব্যাটারিচালিত রিকশা নামছে। তিনি স্বীকার করেন, এই বাহনের চালকেরা ট্রাফিক সিগন্যাল বোঝেন না, লেন চিনেন না। এ জন্য যানজট সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, রিকশাচালকদের স্বল্পকালীন একটি প্রশিক্ষণের জন্য তাঁরা সিটি করপোরেশনে আবেদন করেছেন। এ ছাড়া এই বাহনের পার্কিংয়ের জায়গার জন্যও আবেদন করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নগর পরিকল্পনার দায়িত্বে থাকা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, একটি আদর্শ শহরে ২০ থেকে ২৫ ভাগ রাস্তা থাকা উচিত। সেখানে ৪৮ বর্গকিলোমিটারের এই নগরে মাত্র ৫ দশমিক ৬২ ভাগ রাস্তা রয়েছে। আবার নতুন-পুরোনো যেসব রাস্তা রয়েছে, তাতে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। ফলে এসব গাড়ি সব সময় রাস্তা দখল করে থাকে। কোনো রাস্তাতেই ফুটপাত নেই। আর যেটুকু আছে, তা বেদখল হয়ে গেছে। এ জন্য পথচারীদের রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। যার জন্য যানজটের সঙ্গে দুর্ঘটনাও বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে এ অবস্থা আরও ভয়াবহ হবে। ২০২৪ সালের মধ্যে কিছু নতুন রাস্তা নির্মাণ ও পুরোনো রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা তাঁদের রয়েছে বলে তিনি জানান।মহানগর পুলিশের ট্রাফিক পরিদর্শক রায়হান ইবনে রহমান বলেন, ব্যাটারিচালিত রিকশা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে চার হাজার ব্যাটারিচালিত রিকশা নগরের রাস্তায় নেমে পড়েছে। তিনি আরও বলেন, সব বাস যদি নওদাপাড়া বাসস্ট্যান্ডে পাঠানো যেত, তাহলে প্রায় ২০ ভাগ রিকশা ওই দিকে চলে যেত। তাতে শহরটা অনেকখানি হালকা হতো। এ ছাড়া শহরের ভেতর থেকে চাঁপাইনবাবগঞ্জের বাসগুলো ছেড়ে যায়। আবার বাঘার বাসগুলো কোর্টে আসে। এসব কারণে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরও যানজট মোকাবিলা করতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। করপোরেশন যদি বাইরের উপজেলার রিকশাগুলো নগরের ভেতর প্রবশে করতে না দেয়, তাহলে এই অসহনীয় যানজট অনেকটা লাঘব হবে বলে মন্তব্য করেন তিনি।