অতিরিক্ত শিক্ষক নিয়োগের প্রতিবাদ করলেন হলুদ প্যানেলের শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপিত পদের অতিরিক্ত শিক্ষক নিয়োগের সমালোচনা করেছেন আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ প্যানেল’-এর শিক্ষকেরা।গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে হলুদ প্যানেলের সাধারণ সভায় জ্যেষ্ঠ শিক্ষকেরা সাম্প্রতিক শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া নিয়ে তীব্র প্রতিবাদ করে বক্তব্য দেন। সভায় শিক্ষকদের মধ্যে বাদানুবাদ হয়েছে বলেও সূত্র জানায়।সভায় সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন বলেন, ‘শিক্ষক নিয়োগে যাতে যোগ্যতা ও মেধার মূল্যায়ন হয়, সে ব্যাপারে আওয়ামীপন্থী শিক্ষকেরা বরাবরই সোচ্চার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ সভাসূত্র জানায়, গাজী সালেহ উদ্দিনের বক্তব্যের জবাবে নতুন নিয়োগ পাওয়া কয়েকজন শিক্ষক নেতিবাচক মন্তব্য করেন। এতে হলুদ প্যানেলের অনেক শিক্ষকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে হলুদ প্যানেলের আহ্বায়ক ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘সভায় তেমন কিছু হয়নি। তবে কিছু কিছু শিক্ষকের মতে শিক্ষক পদে দুর্বল প্রার্থী নিয়োগ দেওয়া হয়েছে।’ জানা গেছে, বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ শিক্ষক নিয়োগে অনিয়ম বন্ধের দাবি জানিয়েছে। তা না হলে ৮ এপ্রিল থেকে উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।গত ১৫ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে ২৭টি বিজ্ঞাপিত পদের বিপরীতে ৪৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সূত্রমতে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে।