অতিরিক্ত সচিব হলেন ৮০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের ৮০ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের পদোন্নতি দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, গত নভেম্বর মাসে এই পদে পদোন্নতি হওয়ার কথা থাকলেও দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিষয়টি ঝুলে যায়। নতুন মন্ত্রিসভার শপথের এক দিন পর গতকাল সোমবার সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে এই পদোন্নতি দিল।
এ নিয়ে বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে। অথচ পদ আছে এক শর সামান্য বেশি। ফলে পদের অভাবে পদোন্নতি পেয়েও কর্মকর্তাদের আগের পদেই দায়িত্ব পালন করতে হবে। অন্যদিকে এত পদোন্নতির মধ্যেও কিছু কর্মকর্তা যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার বলেন, যাঁরা যোগ্য ছিলেন তাঁদের সবাইকেই পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আপাতত আগের পদেই দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
চার সচিব পদে বদল: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন সচিব করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদকে। আগের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় আবুল কালামকে এই পদে নিয়োগ দেওয়া হলো।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া আরও তিন সচিবের দপ্তর বদল হয়েছে। এর মধ্যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বেসরকারীকরণ কমিশনের সদস্য সুরাইয়া বেগমকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. মোশাররফ হোসেন ভূইয়াকে বেসরকারীকরণ কমিশনের সদস্য করা হয়েছে।
মোশাররফ হোসেন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন। পরে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। তখন থেকে তিনি ওএসডি হিসেবে ছিলেন। তাঁর বিরুদ্ধে দুদকের মামলাও রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, এ বছর ১৯ জন সচিব অবসরে যাচ্ছেন। এর মধ্যে কয়েকজন কিছুদিনের মধ্যেই অবসরে যাচ্ছেন। ফলে প্রশাসনের শীর্ষ পর্যায়ের এসব পদে শিগগিরই আরও পরিবর্তন আসছে। কয়েকজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব অথবা ভারপ্রাপ্ত সচিব করা হতে পারে। পাশাপাশি কয়েকজন সচিবকে চুক্তিতে নিয়োগ দিয়ে রাখা হবে।
ইতিমধ্যে সংসদ সচিবালয়ের সচিব আশরাফুল মকবুল, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন ও কৃষিসচিব এস এম আশরাফুল ইসলামকে চাকরির মেয়াদ শেষে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।