অতিরিক্ত সচিবকে সরিয়ে দিতে সিইসির চিঠি
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ রফিকুল ইসলামকে কমিশনে রাখতে চান না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। তাঁকে সরিয়ে দিতে সংস্থাপন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন সিইসি। কমিশনে সচিব না থাকায় বর্তমানে সচিবের দায়িত্ব পালন করছেন এই অতিরিক্ত সচিব।সিইসি কমিশনে দ্রুত একজন নতুন সচিব নিয়োগেরও প্রস্তাব করেছেন। এ জন্য তিনি তিন কর্মকর্তার নাম সুপারিশ করেছেন। তাঁরা হলেন প্রাইভেটাইজেশন বোর্ডের বর্তমান সদস্য মোহাম্মদ মহসীন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ জেড এম শফিকুল আলম ও রাষ্ট্রপতির সচিব মুহম্মদ শফিউল আলম।জানতে চাইলে সিইসি শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘রফিকুল ইসলাম জ্যেষ্ঠ কর্মকর্তা। আমরা মনে করি, তাঁর চেয়ে কনিষ্ঠ কাউকে এখানে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলে তিনি বিব্রত হতে পারেন। সে জন্যই তাঁকে অন্যত্র বদলির সুপারিশ করেছি। যদিও সচিব হওয়ার যোগ্যতা তিনি রাখেন, তবে তাঁকে সচিব করা যায় কি না, সেটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার।’সচিব নিয়োগের ব্যাপারে সিইসি বলেন, ‘আমরা সচিব হিসেবে তিনজনের নাম দিয়েছি। তবে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি।’জানতে চাইলে অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিইসি আমাকে পছন্দ করে নির্বাচন কমিশনে নিয়ে এসেছিলেন। কিন্তু এখন নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার যদি আমাকে বদলি করে, তাহলে তো আমার চলে যেতেই হবে। আমি নিজেও এখানে আর থাকতে চাই না।’ তবে নির্বাচন কমিশনের কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই বলেও জানান তিনি।সিইসি চিঠিতে আরও জানান, গত ১৯ জুলাই নির্বাচন কমিশনের সচিব মুহম্মদ হুমায়ুন কবির নিয়মিত বদলির আওতায় নতুন পদে যোগ দিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়োগ বিধি অনুযায়ী, এই পদে প্রেষণে সচিব পদমর্যাদার কোনো কর্মকর্তাকে নিয়োগ দেওয়া যাবে।এ বিষয়ে জানতে চাইলে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে এ ধরনের একটি প্রস্তাব ও সুপারিশসংবলিত চিঠি তাঁরা পেয়েছেন। আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।