অতিরিক্ত সার ব্যবহারে রোগ সংক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গত মৌসুমে ভালো ফলন ও লাভ হওয়ায় এ বছর আলুর আবাদ বেড়েছে। কিন্তু অনেক খেতে রোগ ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। অনেকের খেতে চারা গজায়নি, গাছও বাড়ছে না। এ অবস্থায় কৃষক ফলন নিয়ে শঙ্কিত।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, প্রতি ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনজন কর্মকর্তা আছেন। তাঁদের মুঠোফোন নম্বর সব কৃষকের কাছে থাকা জরুরি। ফোন করলেই কর্মকর্তারা প্রয়োজনীয় সেবা দিতে বাধ্য। কৃষি কর্মকর্তারা আলুখেত পর্যবেক্ষণ করে কিছু খেতে ছেনিপোকা ও ছত্রাকের উপস্থিতি লক্ষ করেছেন। তা ছাড়া এ বছর আবহাওয়াও অনুকূলে নেই। হঠাৎ শীত, হঠাৎ গরম। তারপরও এ বছর আলুর উৎপাদন বেশি হবে বলে তিনি আশা করছেন। ন্যায্যমূল্য পেলে কৃষক দ্বিগুণ লাভ পাবেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ভোলা সদরে এ বছর ১ হাজার ২৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। কৃষক অতিরিক্ত সার ব্যবহার করার কারণে গোড়া পচা রোগ দেখা দিয়েছে। উন্নত বীজ-সংকটের কারণে ফলন কম হতে পারে।

ভোলা কৃষি বিভাগের খামারবাড়ির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে জেলায় আলু আবাদ হয়েছে ৬ হাজার ৩৫০ হেক্টর। ২০১৫ সালে ৮ হাজার ৫০০ হেক্টর। চলতি বছরে আলুর চাষ হয়েছে ৮ হাজার ৬৯০ হেক্টর। ২০১৪ সালে আলু চাষ করে কৃষকেরা ১ লাখ ৪৫ হাজার ৩৬০ মেট্রিক টন আলু ঘরে তোলেন। ২০১৫ সালে কৃষক আলু তোলেন ২ লাখ ২৫ হাজার মেট্রিক টন। কৃষি বিভাগ আশা করছে, চলতি বছর আড়াই লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হবে। তবে এ বছরের লক্ষ্যমাত্রা ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন।

ফলন ও দাম ভালো পাওয়া এবং ভোলায় একটি উন্নতমানের হিমাগার চালু হওয়ায় কৃষক আলু আবাদে ঝুঁকছেন বলে মনে করে কৃষি বিভাগ।

কমপক্ষে ৫০ জন চাষির সঙ্গে কথা বলে জানা যায়, আলু চাষের শুরু থেকেই ভোলার কৃষকেরা বীজ সমস্যায় পড়েন। তাঁরা কখনো বিএডিসির, কখনো বেসরকারি কোম্পানির কিংবা বিদেশ থেকে আসা বাক্সের বা ব্যক্তিমালিকানার বীজ কিনে ঠকেছেন। ঠকে ঠকে অভিজ্ঞতা সঞ্চয় করছেন। সার, ওষুধ ও কীটনাশক ব্যবহারেও নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। আবহাওয়া সম্পর্কেও ভালো ধারণা নেই তাঁদের। আলুখেত পরিদর্শন করে পরামর্শ দিতে কেউ মাঠে আসছেন না।

কৃষকেরা বলেন, আলু রোপণের শুরুতেই এবার ছেনিপোকার আক্রমণ শুরু হয়েছে। তারপরে শুরু হয়েছে গোড়া পচা রোগ। এ ছাড়া ছত্রাক আক্রান্ত হওয়ায় পাতা কুঁকড়ে ও গাছ শক্ত হয়ে মরে যাচ্ছে। গাছের বয়স পরিণত হলেও গোড়ায় দু-তিনটির বেশি আলু নেই।

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের আমজাদ হোসেন বলেন, গত বছর আলু চাষে খরচের সমপরিমাণ টাকা লাভ হয়েছে। এ মৌসুমে ব্যাংক ও এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে তিনি আলুর আবাদে নেমেছেন। মৌসুমের শুরুতে খেতে পোকার আক্রমণ ও রোগবালাই দেখা দেওয়ায় উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে তিনি শঙ্কিত।

একই ইউনিয়নের কৃষক শরিফ হোসেন বলেন, তিনি গত বছরের মতো এ বছরও তিন একর জমিতে আলুর আবাদ করেছেন। খেতে ৪৫ শতাংশ গাছের পাতা কুঁকড়ে গেছে। এটি কোনো রোগের লক্ষণ, না আবহাওয়ার কারণে ঘটছে তা বুঝতে পারছেন না।

সদর উপজেলার উত্তর ইলিশার আবদুল বারেক বলেন, তিনি প্রায় সাড়ে ১১ একর জমিতে আলু চাষ করেছেন। খেতের বেশির ভাগ গাছ ছোট হয়ে আছে, বাড়ছে না। একই কথা বলেন উপজেলার মো. ইমরান হোসেন, মো. সিদ্দিকুর রহমান ও আবু কালাম ব্যাপারী। তাঁরা আরও বলেন, তাঁরা এ সমস্যা দূর করতে ডিলারদের কাছ থেকে থ্রিবেট পাউডার, সেলামিন, কেরাটিন এনে ব্যবহার করেছেন। কাজ তেমন হচ্ছে না।

কৃষক আরও দাবি করে বলেন, এ বছর উন্নত বীজের বাক্স (৪০ কেজি) গত বছরের তুলনায় ২ হাজার টাকা বেশি। গত বছর ৪-৫ হাজার টাকা ছিল। ফলে ১ একরে প্রায় ১ লাখ ৮ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু আলুর ফলন ও দাম কম হওয়ায় খরচের টাকা উঠবে কি না কৃষক শঙ্কিত।

ভোলা সদর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বশির আহমেদ বলেন, এক একর আলুখেতে সরকারি হিসাবে ২২-২৪ হাজার টাকা খরচ হওয়ার কথা। কিন্তু কৃষক সার ও কীটনাশক বেশি ব্যবহার করায় খরচ বেশি হচ্ছে। এতে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে।

ভোলা নাজিউর রহমান ডিগ্রি কলেজের কৃষি বিভাগের প্রভাষক এ বি এম নুরুল হক পূর্ব ইলিশা ইউনিয়নের আলুখেত পরিদর্শন করে বলেন, এবার আবহাওয়া আলু আবাদের অনুকূলে নয়। রয়েছে রোগ, পোকা, ছত্রাক ও ভাইরাসের আক্রমণ। কৃষককে এখনই সতর্ক হতে হবে। তা না হলে ক্ষতির মুখে পড়বেন তাঁরা।