অতিরিক্ত সিএমএম রহমানের পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমানের পদত্যাগপত্রের ব্যাপারে সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এই অবস্থায় তিনি নতুন কর্মস্থল বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে যোগদান করতে পারবেন না। জ্যেষ্ঠ বিচারকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার জের ধরে গত মঙ্গলবার বিকেলে আবদুর রহমান পদত্যাগপত্র জমা দেন। আদালত সূত্র জানায়, গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আবদুর রহমানের পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট এ পত্র আইন মন্ত্রণালয়ে পাঠাবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবদুর রহমানের বিচারালয়ে ফিরে আসাটা কষ্টকর হতে পারে। চট্টগ্রামের কর্মরত একাধিক বিচারক তাঁর পদত্যাগপত্র ঢাকায় দেরিতে পাঠাতে মহানগর দায়রা জজকে অনুরোধ করেছিলেন। দায়রা জজ এস এম মজিবুর রহমান এ বিষয়ে ঝুঁকি নিতে চাননি। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম ও জ্যেষ্ঠ বিচারক এ বি এম নিজামুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে অতিরিক্ত মুখ্য মহানগর আবদুর রহমান গত মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। আবদুর রহমান বিশ্বস্ত সূত্রে জানতে পারেন, সিএমএম নিজামুল হক তাঁর কার্যক্রম ও সততা নিয়ে প্রশ্ন তুলে লিখিত অভিযোগ করেছেন। পদত্যাগপত্রে আরও বলা হয়, গত ১৪ জুন দ্রুত বিচার আইনের কোতোয়ালি থানার মামলায় হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত আসলাম চৌধুরী (উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক) নামের এক আসামির জামিন বাতিল করে জেলহাজতে পাঠাতে আবদুর রহমানকে নির্দেশ দেন সিএমএম। তিনি তা আইন মেনে করেননি। এতে সিএমএম ক্ষিপ্ত হয়ে তাঁকে দ্রুত বদলি করার হুমকি দেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন। বিএনপির নেতা আসলাম চৌধুরীকে জামিন দেওয়া না-দেওয়া নিয়ে সিএমএমের সঙ্গে আবদুর রহমান বিরোধে জড়িয়ে পড়েন। ওই সময় আওয়ামী লীগ-সমর্থক একজন সরকারি কৌঁসুলি বিএনপির নেতা আসলাম চৌধুরীর জামিনের জন্য সিএমএম নিজামুল হকের খাস কামরায় গিয়ে তদবির করেন বলে সিএমএমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। সিএমএম রাজি না হলে ওই আইনজীবী তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনের হুমকি দেন। এর কয়েক দিন পর নিজামুল হকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তুলে আইনজীবীরা আন্দোলন শুরু করেন বলে নিজামুলের হকে ঘনিষ্ঠ সূত্র জানায়।