অতিরিক্ত সড়কনির্ভরতা দুর্ঘটনার প্রধান কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমিনারে বক্তারা বলেছেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়নের ফলে মানুষ প্রতিদিন ঢাকার দিকে ছুটছে। উৎসবের সময় লাখো মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে আসা-যাওয়া করায় সড়কপথে অতিরিক্ত মাত্রায় এই চাপ পড়ে। তাই এ সময় সড়ক দুর্ঘটনা বাড়ছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি।
গতকাল মঙ্গলবার পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ‘মহাসড়কে মৃত্যুর মিছিল: প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
সেমিনারে বক্তারা বলেন, নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেল ও নৌপথের গুরুত্ব অপরিহার্য। কিন্তু নৌপথ ও রেলপথের জন্য পর্যাপ্ত বিনিয়োগ এবং সঠিক পরিকল্পনা না থাকায় যাতায়াতব্যবস্থা সড়ককেন্দ্রিক হয়ে পড়েছে। অতিরিক্ত সড়কনির্ভরতার কারণে দুর্ঘটনা, বায়ুদূষণ, শব্দদূষণসহ নানা রকম পরিবেশদূষণ, জ্বালানি ব্যয়, যাতায়াত খরচ, যানজট এবং যানজটজনিত সময়ের অপচয়সহ নানা রকম সমস্যা বেড়ে চলেছে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। প্রবন্ধে বলা হয়, যেসব মহাসড়কে বিভাজক নেই, সেখানেই মুখোমুখি সংঘর্ষসহ দুর্ঘটনার মাত্রা বাড়ছে। ঈদের সময়ে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে টাঙ্গাইল, সিলেট পথে। ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনে ১০৬টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তাতে ১৬৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ৫৬০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫৪ শতাংশই বাস দুর্ঘটনা।
বক্তারা বলেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়নের ফলে সারা দেশ থেকে মানুষ প্রতিদিন ঢাকার দিকে ছুটছে। কেউ ঢাকায় অবস্থান করার জন্য, কেউ সংক্ষিপ্ত সময়ের কাজে আসছেন। উৎসবের সময় লাখো মানুষ ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে আসা-যাওয়া করেন। রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে যাতায়াতের এই চাহিদা অনেকাংশেই হ্রাস করা সম্ভব।
সেমিনারে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত সড়কনির্ভরতা, ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো ও যানবাহন, উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত চালকের অভাব, লাইসেন্সবিহীন ও মাদকাসক্ত চালক, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, গতিসীমা না মানা, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় না আনাকে চিহ্নিত করা হয়।
দুর্ঘটনা প্রতিরোধে সেমিনারে বক্তারা দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের সুপারিশ করেন। এ ছাড়া দুর্ঘটনা প্রতিরোধে যেসব সুপারিশ করা হয়, তার মধ্যে পরিবারপ্রতি ব্যক্তিগত গাড়ি সীমিত করা, ঢাকার ওপর চাপ কমাতে রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যানবাহনের গতিসীমা ও ওভারটেক নিয়ন্ত্রণ করা এবং যাতায়াতব্যবস্থার সংকট উত্তরণে পরিকল্পিত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ অন্যতম।