ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্ধারিত শতকরা পাঁচ টাকার চেয়ে অতিরিক্ত হাসিল আদায় করার অপরাধে রাজধানীর গোলাপবাগ মাঠের গরুর হাটের ইজারাদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত ওই গরুর হাট থেকে অতিরিক্ত হাসিল আদায় করা বিপুলসংখ্যক রসিদ বইও জব্দ করেছেন।গতকাল সোমবার সকাল ১০টার দিকে ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গোলাপবাগের ডিসিসির আউটফল স্টাফ কোয়ার্টারের মাঠে অবস্থিত অস্থায়ী গরুর হাটে অভিযান পরিচালনা করেন। আদালত গরুর হাটে গিয়ে দেখতে পান, বিক্রি হওয়া বিপুলসংখ্যক গরুর প্রতিটি থেকে শতকরা ৮ থেকে ১২ টাকা পর্যন্ত হাসিল আদায় করা হচ্ছিল।একপর্যায়ে আদালত অতিরিক্ত হাসিল আদায় করা বিপুলসংখ্যক রসিদ বই জব্দ করেন এবং ইজারাদারকে গ্রেপ্তারের নির্দেশ দেন। ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, ইজারাদার ডিসিসি আইনের ১৫০(৩) ধারা লঙ্ঘন করেছেন। এই অপরাধে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও হাটের একাধিক সূত্র জানিয়েছে, অতিরিক্ত হাসিল আদায়ের রসিদ বই জব্দ করার খবর হাটে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য হাসিলঘরে অবস্থানরত হাটের আয়োজকেরা পালিয়ে যান। আদালত সূত্র জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে। নির্ধারিত হাসিলের অতিরিক্ত আদায় করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ব্রাদার্স মাঠকে জরিমানা: রাজধানীর কমলাপুরে অবস্থিত ব্রাদার্স ইউনিয়নের মাঠে অবস্থিত অস্থায়ী হাটটি মাঠ থেকে সংলগ্ন সড়ক এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সংযোগ সড়কেও বসানো হয়েছে। ডিসিসির অনুমোদন অনুযায়ী এই হাট মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সড়ক বন্ধ করে হাট বসানোর অপরাধে ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এই হাটের ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।