অতিষ্ঠ হয়ে অবরোধ করে বিদ্যুৎ পেল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ যাওয়ার প্রায় ৩৭ ঘণ্টা পর বিদ্যুৎ পেলেন মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তিনটি এলাকার গ্রাহকেরা। প্রচণ্ড গরম ও পানিসংকটে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী শহরের প্রধান যোগাযোগকেন্দ্র চৌমোহনা চত্বর অবরোধ করে। অবরোধের প্রায় তিন ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বিদ্যুতের দাবিতে গত শনিবার সন্ধ্যা সাতটায় রাস্তা অবরোধ করে এলাকার লোকজন। এ সময় শহরের প্রায় চারটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এলাকাবাসী জানিয়েছেন, মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৮ নম্বর ফিডার লাইনে গত শুক্রবার সকাল নয়টায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রাহকেরা মৌলভীবাজার বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ে যোগাযোগ করলে জানানো হয়, ট্রান্সফরমার পুড়ে গেছে, তাই বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এতে ওয়ার্ডের ফরেস্ট অফিস রোড, কাশীনাথ রোড ও সৈয়ারপুর স্কুল রোড এলাকার গ্রাহকেরা দুর্ভোগে পড়েন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন, ‘দুদিন ধরে কারেন্ট ছিল না। মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে আসে।’বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রতন কুমার বিশ্বাস বলেন, ‘ট্রান্সফরমার বসে যাওয়ায় সমস্যা হয়েছে। পরে নতুন ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। কিছু অবৈধ সংযোগের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।’