অতিষ্ঠ হয়ে ছাত্রলীগের নেতাকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁকে পিটুনি দিয়েছেন একই সংগঠনের কনিষ্ঠ নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।
ছাত্রলীগের ওই নেতার নাম রিয়াশিদুল হক ওরফে রিয়াশ। তিনি পশুপালন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সোহরাওয়ার্দী হল ইউনিটের ২০১২ সালে গঠিত কমিটির সহসম্পাদক।
নাম প্রকাশ না করার শর্তে সাধারণ শিক্ষার্থী ও দলের কনিষ্ঠ নেতা-কর্মীরা বলেন, রিয়াশিদুল হুমকি দিয়ে সাধারণ শিক্ষার্থী ও দলের কর্মীদের দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করিয়ে নিতেন। তাঁর নির্দেশে অনেককে আবাসিক হলের কক্ষ থেকে বের করে দিতে হয়েছে। এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের কনিষ্ঠ নেতা-কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করে আবাসিক হল থেকে বের করে দেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নোমান সাবেদ, উপদপ্তর সম্পাদক মুনতাসির মাহমুদ এবং ছাত্রলীগ কর্মী হাসান বিশ্বাস, সুমন আহমেদ ও মাহফুজ মিঠু ওই নেতাকে পিটিয়ে আহত করেন। তাঁরা সবাই সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী।
উপদপ্তর সম্পাদক মুনতাসির মাহমুদ বলেন, ‘কোনো কারণ ছাড়াই বৃহস্পতিবার দুপুরে তিনি (রিয়াশিদুল) আমাকে মারতে আসেন। পরে আমার বন্ধুরা বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়েছে।’ রিয়াশিদুল বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে।