ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন
অতীত গৌরব পুনরুজ্জীবিত করতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থে অন্তঃদলীয় কোন্দলে জড়িত না হয়ে ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল অতীত পুনরুজ্জীবিত করে জাতি গঠনে আরও বেশি অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, তুচ্ছ ব্যক্তি ও দলীয় স্বার্থে বর্তমান ছাত্রসংগঠনগুলো অন্তঃদলীয় কোন্দলে লিপ্ত হবে, এটা কাম্য নয়। জিল্লুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে পারে না এবং এটা গ্রহণযোগ্যও নয়। যাঁরা শিক্ষাকে কেন্দ্র করে ব্যবসা করতে চান, তাঁদের অন্য খাতে বিনিয়োগ করা উচিত। তিনি বলেন, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে বর্তমান সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ ও জাতীয় শিক্ষানীতি-২০১০ প্রণয়ন করেছে। এই নীতি অনুসরণ করে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব বলে তিনি আস্থা প্রকাশ করেন।নতুন স্নাতকদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তাঁদের অর্জিত জ্ঞান, মেধা ও মনন দিয়ে দেশমাতৃকার কল্যাণ সাধনের মাধ্যমে দেশ ও সমাজের ঋণ শোধের চেষ্টা করার আহ্বান জানান। সমাবর্তনে মোট ৬০৫ জনকে আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি প্রদান করা হয়। এঁদের মধ্যে তিন মেধাবী শিক্ষার্থীকে ‘চ্যান্সেলরস গোল্ড মেডেল’ প্রদান করা হয়। তাঁরা হলেন—নওরিন নওসাবা, নুসরাত জাহান দিপা ও মারিয়া মতিন।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান সমাবর্তন বক্তব্য উপস্থাপন করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত ও ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক আহমদ চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য দেন।বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে অবশ্যই একটি অবারিত স্থান হতে হবে এবং সেখানে মনন ও নতুন নতুন ধ্যান-ধারণার অন্বেষাকে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় নামের যেকোনো প্রতিষ্ঠানেই নিবিড় ভাষাচর্চা হতে হবে। গাউনের রং কালো নয়, নীল: আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, গতকালের সমাবর্তন অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কালো গাউনের পরিবর্তে নীল রঙের গাউন পরে হাজির হন। গাউন পরিবর্তনের ব্যাখ্যা দিতে গিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত প্রথম আলোকে বলেন, ‘সমাবর্তনে এখন যে গাউন পরা হয়, সেটা ঔপনিবেশিক ধারা। আমরা ঔপনিবেশিক প্রথা ভাঙতে চেয়েছি। তা ছাড়া এই গাউন গির্জার পুরোহিতদের পোশাকের মতো। এর কারণ হলো, বিদেশের অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে গির্জাকেন্দ্রিক। সেটাকে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক করতে চেয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, গাউনে দেশীয় নকশিকাঁথার মতো নকশা যোগ করেছি। তা ছাড়া সমাবর্তনের গাউনের রং কালো হতে হবে কেন? আমরা এটাকে ধীরে ধীরে আরও উন্নত করব।’