অতীত গৌরব হারিয়ে কলুষিত ছাত্ররাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্ররাজনীতি অতীত গৌরব হারিয়ে আজ কলুষিত হয়ে পড়েছে। যে ছাত্রসমাজকে দেখলে মা-বোনেরা মনোবল পেতেন, আজ তাদের দেখলে আতঙ্কিত হতে হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রজতজয়ন্তীর আলোচনায় গতকাল মঙ্গলবার ছাত্ররাজনীতির অবক্ষয়ের চিত্র তুলে ধরতে গিয়ে বক্তারা এসব মন্তব্য করেন। তাঁরা এ অবস্থা থেকে ছাত্রসমাজকে বেরিয়ে আসার আহ্বান জানান। সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে রজতজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী বলেন, বর্তমান ছাত্ররাজনীতি বুর্জোয়াদের দখলে চলে গেছে। ছাত্ররাজনীতি অতীত গৌরব হারিয়ে কলুষিত হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষাকে দেশের জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। বিকেলে রাজু ভাস্কর্য চত্বরে আলোচনায় প্রবীণ বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বিনোদবিহারী চৌধুরী বলেন, ‘অনেক দল এখন বলে তারা দেশকে ভালোবাসে। আসলে তারা ভালোবাসে নিজেকে।’ বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বর্তমান সময়ে ছাত্রলীগ-ছাত্রদলের রাজনৈতিক ধারার সমালোচনা করেন।