প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে অতীতের ভুলগুলো থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই মাসে যেসব বড় বড় প্রকল্প উন্নয়নের কাজ আটকে ছিল তা দ্রুত গতিতে সম্পন্ন করার কথা বলেন প্রধানমন্ত্রী। প্রবৃদ্ধির হার যাতে কোনোভাবে না কমে, সে বিষয়ে কর্মপরিকল্পনা তৈরি করে কাজ করার জন্য মন্ত্রিসভার সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন: শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে গতকাল দশম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে।
নিয়ম অনুযায়ী ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী জাতীয় সংসদ অধিবেশনে দেওয়ার জন্য তৈরি রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।