অতীত ভুলে ভোট দিতে প্রস্তুত ভোটাররা
নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ। রাত পোহালেই ভোট। প্রস্তুত নির্বাচন কমিশন। রংপুরের বদরগঞ্জ পৌরসভার ভোটাররাও ৫ জানুয়ারির বিনা ভোটের নির্বাচনের কথা ভুলে ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
পৌরসভার থানাপাড়া গ্রামের গৃহিণী উম্মে কুলসুম (৪২) বলেন, ‘এমপি ভোট দিবার পারি নাই। সেই জন্যে ভাবছেনো এবারও বুঝি ভোট হবার নেয়। দেকোছি ভোট ভালোয় হইবে। যদি গন্ডগোল না হয়, তা হইলে ভোট দিবার যামো।’
উপজেলা পরিষদ সড়কের ব্যবসায়ী নজরুল ইসলাম (৫২) বলেন, ‘ভোট দিবার সুযোগ যখন পাছি, তখন ভুল করা যাবার নেয়।’
বালুয়াভাটা গ্রামের প্রভাষক আল মামুন বলেন, গত সংসদ নির্বাচনে ভোট দিতে না পেরে পৌর নির্বাচনের শুরুতে ভোটারদের মধ্যে আমেজ ছিল না। জাতীয় সংসদের ভোটের মতো পৌর নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ ও শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত পৌর এলাকায় ফিরেছে ভোটের আমেজ। ভোটাররা তাই অতীত নির্বাচনের কথা ভুলে পৌর নির্বাচনে ভোটদানের জন্য প্রস্তুত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই পৌরসভার নয়টি ওয়ার্ডে ৪৪ জন কাউন্সিলর ও ছয়জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট নেওয়ার জন্য নয়টি কেন্দ্রে খোলা হয়েছে ৫০টি বুথ। পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৭৭৭ জন।
রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন গতকাল রাতে বলেন, পৌর নির্বাচনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ১০ জন অস্ত্রধারী পুলিশ ও ১২-১৪ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন। এর মধ্যে দুইজন আনসার সদস্য থাকবেন অস্ত্রধারী। টহলে থাকবেন র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।