অতীতে গেজেট প্রকাশের একাধিক নজির আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি ২০০৭ সালে জুডিশিয়াল সার্ভিসের চাকরির শর্তাবলিসংক্রান্ত যে বিধিমালা প্রণয়ন করেছিলেন, তাতেই আপিল বিভাগের রায় অনুযায়ী চূড়ান্ত শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের সুযোগ রেখেছিলেন। অথচ এখন রাষ্ট্রপতি জানিয়েছেন, এই বিধিমালার জন্য গেজেট প্রজ্ঞাপন জারির দরকার নেই। যদিও ২০১৪ সালে বর্তমান রাষ্ট্রপতির আদেশেই ২০০৭ সালের বিধিমালাটির সামান্য পরিবর্তনের জন্য গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আলাদা শৃঙ্খলা বিধিমালা তৈরির প্রথম নির্দেশনা দিয়েছিলেন। এরপর প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এটা জমা দিতে আইন মন্ত্রণালয়কে আদেশ দেন। ২০১৫ সালের ৭ মে সরকার আপিল বিভাগে তার খসড়া জমা দেয়। সুপ্রিম কোর্ট সেই খসড়ায় সন্তুষ্ট না হয়ে তা সংশোধন করে পূর্ণাঙ্গ বিধিমালা প্রস্তুত করে দেন এবং তা গেজেট আকারে প্রকাশের জন্য সরকারের প্রতি নির্দেশনা জারি করেন। কিন্তু, গত রোববার ১১ ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে লিখিতভাবে জানানো হয় যে এ বিষয়ে গেজেট প্রকাশ করার প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল বিষয়টিতে সুপ্রিম কোর্ট আবারও ওই বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে সরকারের প্রতি নির্দেশনা জারি করেছেন।

প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, রাষ্ট্রপতির পক্ষে আইন ও বিচার বিভাগ যে শৃঙ্খলা বিধিমালা তৈরি করেছিলেন, আপিল বিভাগ তাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। কোনো কর্মরত বিচারকের বিরুদ্ধে অভিযোগ এলেই তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে না জানিয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণে সরকারের একতরফা ক্ষমতা রহিত করা হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির করা তদন্তের ভিত্তিতে বিভাগীয় মামলা দায়েরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সরকারের খসড়ায় আনা গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর মধ্যে প্রধানত দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠলে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেটিই প্রাধান্য পেয়েছে।

প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আগে কোনো বিচারকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে না জানিয়ে সরকারের পক্ষে প্রাথমিক তদন্ত করার সুযোগ ছিল। আপিল বিভাগের রায়ে সরকারের দিক থেকে এ ধরনের প্রাথমিক তদন্ত করার ক্ষমতা রহিত করা হয়েছে।

কারও বিচারিক কার্যক্রম সম্পর্কে কোনো সন্দেহ বা গুরুতর অভিযোগ উঠলে কী ধরনের সতর্কতা অনুসরণ করা দরকার, সে বিষয়ে সরকারি খসড়ায় কোনো বক্তব্য ছিল না। কিন্তু আপিল বিভাগের রায়ে সর্বোচ্চ সতর্কতা অনুসরণের ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।

সুপ্রিম কোর্টের চূড়ান্ত করা বিধিমালার ২৩ বিধিতে বলা হয়েছে, বিচারিক কার্যক্রম বিষয়ে কোনো বিভাগীয় মামলা সূচিত হলে সেই মামলা দায়েরের আগে সুপ্রিম কোর্ট একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে প্রাপ্ত প্রতিবেদন সরকারের কাছ থেকে আসার পরে তা হাইকোর্ট বিভাগের অন্তত একজন বিচারক মূল্যায়ন করে মতামত দেবেন।

১৯৮৫ সালের সরকারের শৃঙ্খলাবিধিতে হাইকোর্ট বিভাগের কোনো বিচারপতির আদালত পরিদর্শনের ভিত্তিতে তৈরি করা তদন্ত প্রতিবেদনের আলোকে কী ব্যবস্থা নেওয়া হবে, তার কোনো উল্লেখ নেই। সরকারের প্রণীত খসড়া বিধিমালাও এ ব্যাপারে নীরব ছিল। আপিল বিভাগ তাঁর রায়ের মাধ্যমে তৈরি করা বিধিমালার ২৩ বিধির ২ উপবিধিতে বলেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতি বা হাইকোর্ট বিভাগের কোনো বিচারপতির পরিদর্শন রিপোর্টের ভিত্তিতে কোনো বিচারকের বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হতে পারবে। কিন্তু সেটা যাচাই করার ব্যবস্থা থাকবে। সে কারণে রায়ে বলা হয়েছে, প্রধান বিচারপতি বা হাইকোর্টের বিচারপতির কোনো তদন্ত প্রতিবেদনের ওপর পরামর্শ দেওয়ার আগে সুপ্রিম কোর্ট ভিন্ন কোনো বিচারপতির মতামত নেবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ২০১০ সালের ১৫ ডিসেম্বর আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা, ২০০৭-এর বিধিতে পরিবর্তন এনে বিচারকদের পদোন্নতি প্রদানে অভিজ্ঞতার সময়সীমা শিথিল করেছিলেন। তখনো গেজেট প্রজ্ঞাপন করা হয়। ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতি একই ক্ষমতাবলে আরেকটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছিলেন। এটি রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন) জারি করেন।

সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ৩ উপদফায় দেখা যায়, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সরকারের অন্য সব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণে রাষ্ট্রপতির বাধ্যবাধকতা রয়েছে। সে ক্ষেত্রে আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বা বিচার বিভাগের নিয়োগ বা শৃঙ্খলার বিষয়েও একই ধারা প্রযোজ্য। যার অর্থ হচ্ছে গেজেট জারি করা না-করা রাষ্ট্রপতির ওপর নির্ভরশীল নয়।