অতীতে মানব পাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এখন সমুদ্রপথে এভাবে মানব পাচার হতো না। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইরাক ও ইরানে পাচারের শিকার ১৬ জন বাংলাদেশি।
বেসরকারি সংগঠন অনির্বাণ সারভাইভার ভয়েস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের পক্ষে মো. ইলিয়াছ হাওলাদার ও মোহাম্মদ মাসুদ। অন্যরা নিজেদের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
আয়োজকেরা বলেন, তাঁরা বিদেশে কর্মসংস্থানের নামে ইরাকে মানব পাচারের শিকার হয়ে দীর্ঘ আট মাস কোম্পানির শিবিরে বন্দিজীবন কাটান। পরে মুক্ত হয়ে দেশে ফেরত আসার পর ক্ষতিপূরণ দাবি করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে অভিযোগ করেন। এরপর মন্ত্রণালয় তদন্ত করে রিক্রুটিং এজেন্সি মেসার্স মর্নিং সান এন্টারপ্রাইজ, মেসার্স মেঘনা ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স ইস্ট বেঙ্গল ওভারসিজ, মেসার্স আইডিয়া ইন্টারন্যাশনাল ও বেসরকারি সংস্থা বাংলাদেশ মাইগ্রেন্ট ফাউন্ডেশনের (বিএমএফ) বিরুদ্ধে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে নোটিশ দেয়। কিন্তু ১৮ মাস পার হলেও কোনো অগ্রগতি জানা যায়নি।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই ঘটনায় বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দুটি মামলা হয়। পুলিশ ওই মামলা দুটোর অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে। ওই মামলার আসামিরা জামিনে এসে উল্টো হুমকি দিচ্ছে। প্রতারণার শিকার ব্যক্তিদের নামে ছিনতাই ও ডাকাতির মামলা করেছে।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ দ্রুত ক্ষতিপূরণের টাকা ফেরত, মানব পাচার মামলাগুলো দ্রুত নিষ্পত্তি, পাচারের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও ফেরত আসা কর্মীদের পুনর্বাসন দাবি করা হয়।