আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘অতীতের মতো চললে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশকে পরিবর্তন করতে হলে আগে আমাদের নিজেদের বদলাতে হবে। বাংলাদেশকে আলোকিত করতে হলে আলোকিত মানুষ চাই। তাই আলোকিত মানুষ সৃষ্টি করতে চাই শিক্ষা। শিক্ষার কোনো বিকল্প নেই।’ গতকাল শনিবার মুন্সিগঞ্জের লৌহজংয়ে বেসরকারি সামাজিক সংগঠন ‘অগ্রসর বিক্রমপুর’-এর লৌহজং শাখা আয়োজিত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।অগ্রসর বিক্রমপুরের লৌহজং শাখার সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেনিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন, অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আজিজুল আলম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আ. হামিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গনি তালুকদার প্রমুখ।সাংসদ সাগুফতা ইয়াসমিন বলেন, পদ্মা সেতুর জন্য এ অঞ্চলের মানুষ তাদের বাপ-দাদার সম্পত্তি উদারচিত্তে ছেড়ে দিয়েছে। বর্তমান সরকার যখন আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ করতে চাইছে, তখন একটি বিশেষ রাজনৈতিক মহল তা বানচালের জন্য ষড়যন্ত্র করে চলেছে।অনুষ্ঠানে ১২৭ জন কৃতী শিক্ষার্থী, পাঁচজন শহীদ মুক্তিযোদ্ধার উত্তরসূরি, দুজন শ্রেষ্ঠ শিক্ষক ও দুজন শ্রেষ্ঠ মাকে সম্মাননা প্রদান করা হয়।